SUPREME COURT: সন্তান বাবা-মায়ের সম্পত্তি নয়, সন্তানদের হেফাজত নিয়ে মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Spread the love

রোজদিন ডেস্ক: বাবা-মায়ের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়েছে। কিন্তু তাই বলে সন্তান কার হেফাজতে থাকবে, এই নিয়ে টানাটানি করা যাবে না। সন্তান বাবা বা মা, কারও কোনও সম্পত্তি নয়, বাবা-মায়ের খেলনাও নয়। সন্তানের হেফাজত নিয়ে এক মামলায় এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। কোর্ট আরও বলেছে, বাবা ও মায়ের বিরোধ হলে এই ক্ষেত্রে তাদের অধিকারের চেয়ে সন্তানকে মানসিকভাবে ও আবেগগত ভাবে ভালো থাকার গুরুত্ব দিতে হবে। বাবা-মায়ের মধ্যে বিচ্ছেদ হয়েছে বলেই সন্তানকে নিয়ে টানাটানি করা যাবে না। এই মামলায় দুই নাবালক ছেলের হেফাজত নিয়ে বাবা-মায়ের দীর্ঘ আইনি লড়াইয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে দেশের শীর্ষ আদালত। ১৬ ও ১৪ বছর বয়সি দুই ছেলেকে মায়ের কাছেই থাকার অনুমতি দিয়েছে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি অপারেশ কুমার সিংয়ের বেঞ্চ। একই সঙ্গে বাবার সঙ্গে সন্তানদের নিয়মিত দেখা করার ব্যবস্থাও করে দিয়েছে আদালত।

২০০৯ সালে বিয়ে হয় ওই দম্পতির। ২০১৪ সালে মাদুরাইয়ের ওই দম্পতি মধ্যে বিচ্ছেদ হয়। তাঁদের দুই ছেলের জন্ম ২০১০ এবং ২০১২ সালে। পরবর্তীকালে স্বামীর দায়ের করা মামলায় ২০১৮ সালে বিবাহবিচ্ছেদ মঞ্জুর হয়। কিন্তু সন্তানদের হেফাজত নিয়ে বিরোধ মেটেনি। মাদুরাইয়ের ফ্যামিলি কোর্ট দুই ছেলেকে বাবার হেফাজতের নির্দেশ দেয়। ২০২৪ সালে মাদ্রাজ হাইকোর্টও সেই সিদ্ধান্ত বহাল রাখে। এরপর মা দুই ছেলের হেফাজত চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানায়।

শুনানিতে বিচারপতিরা দুই অভিভাবকের সঙ্গে কথা বলেন। বাবা-মাকে ছাড়া আলাদা ভাবে দুই সন্তানের সঙ্গেও কথা বলেন। তখম দুই কিশোরই জানায়, তারা মায়ের সঙ্গে থাকতে চায়। তাদের বক্তব্য অনুযায়ী, বাবার সঙ্গে জীবনে মাত্র চার-পাঁচবার দেখা হয়েছে। শৈশবে প্রায় দু’বছর বাবার সঙ্গে থাকার অভিজ্ঞতা রয়েছে তাদের। আদালতের পর্যবেক্ষণ, দুই কিশোরই নিজেদের মতামত যথেষ্ট পরিণত ও আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছে। তাই তাদের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন মনে করেছে আদালত। আদালত জানিয়েছে, নাবালকের হেফাজত নির্ধারণের ক্ষেত্রে সন্তানের সার্বিক কল্যাণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ, শুধু বাবা বা মায়ের আইনি অধিকার দেখেই সিদ্ধান্ত নেওয়া যায় না। সন্তানের মানসিক অবস্থা, শিক্ষা, নিরাপত্তা, ভালোবাসা এবং তার নিজের মতামতও গুরুত্ব পাবে। এই মামলায় আদালত স্পষ্ট করেছে, বিবাহবিচ্ছিন্ন দম্পতির সন্তান যেন বাবা-মায়ের দ্বন্দ্বের শিকার না হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*