রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ রথযাত্রা। দীঘার জগন্নাথ মন্দিরে প্রথম রথযাত্রা উপলক্ষে সাজো সাজো রব। সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথের রশি টেনে দীঘার রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সকাল থেকেই শুরু হয়েছে পুজোপাঠ। দুপুর দুটো থেকে চলবে আরতি। মঙ্গলারতির পর প্রথমে আসবেন সুদর্শন চক্র। তিনটি রথ পরীক্ষার পর তিনি বসবেন সুভদ্রার রথে। এরপর ঢাক, কাঁসর, ঘণ্টা বাজিয়ে মন্দির থেকে শোভাযাত্রা করে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে বের করে আনা হবে বাইরে। একে একে বসানো হবে রথে। এই রীতিকে বলে, পোহণ্ডিবিজয়। ঠিক আড়াইটায় দিঘার মন্দির থেকে গড়াবে রথের চাকা।
এদিকে রথযাত্রা উপলক্ষে দীঘায় এসেছেন বহু মানুষ। রাস্তার দু’পাশে ব্যারিকেডের মধ্যে দাঁড়িয়ে রথযাত্রা দেখতে পারবেন সাধারণ মানুষ। রথের রশিতে টান দিতে গিয়ে যাতে কোনও বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। তার জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। সাধারণ মানুষের রথের রশিতে যাতে টান দিতে পারেন তার জন্য কিছু কিছু জায়গায় দাঁড়াবে রথটি। এ ছাড়া ব্যারিকেডের সঙ্গে ছোঁয়ানো থাকবে রথের রশি। সেখানেও তা স্পর্শ করতে পারবেন সাধারণ মানুষ। রথ উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা গোটা দীঘা জুড়ে।

Be the first to comment