রোজদিন ডেস্ক, কলকাতা:– পুরীর জগন্নাথ মন্দিরের রথের আদলে সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরী হয়েছে কামারহাটি রথতলার রথ। এটি ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে। এই রথকে ঘিরে কামারহাটি তো বটেই আশপাশের এলাকার মানুষেরও আগ্রহ তৈরি হয়েছে। আজ, শুক্রবার রথযাত্রা উপলক্ষে রথতলার রথকে ঘিরে রীতিমতো সাজোসাজো রব।
দু মাসেরও বেশী সময় ধরে মহাপ্রভুর মন্দির লাগোয়া বিটির রোডের ধারেই তৈরি করা হয়েছে বিশালাকার তিনটি রথ। পুরীর ক্ষেত্রে যে যে নিয়ম মেনে রথ তৈরি হয়, সেই একই নিয়মে কামারহাটির বেলঘরিয়া রথতলা জগন্নাথ মহাপ্রভু মন্দির কমিটির রথ তৈরি হয়েছে এ বারও।
উল্লেখ্য, জগন্নাথের রথের উচ্চতা ৩৫ ফুট, বলরামের রথ ৩৩ ফুট এবং সুভদ্রার রথের উচ্চতা ৩২ ফুট করা হয়েছে। রাউরকেল্লার গন্ধমাদন জঙ্গল থেকে স্পেশাল কাঠ এনে তা দিয়েই তৈরি হয়েছে বিশালাকার তিনটি রথ।

Be the first to comment