রোজদিন ডেস্ক : নাগরিকত্বের ভুয়ো নথি বানিয়ে বছরের পর বছর এদেশে বসবাস করার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ। অভিযুক্তের নাম মহম্মদ সুজন মোল্লা। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ২০১৮ সালে অবৈধ পথে উত্তর ২৪ পরগনার বসিরহাট সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে সে। তারপর থেকে সুজন মোল্লা বারুইপুরের চম্পাহাটি সোল গোয়ালিয়া এলাকায় ভুয়ো পরিচয়পত্র বানিয়ে বসবাস করছিল। অভিযোগ, স্থানীয় আলমগির মোল্লা নামে এক ব্যক্তিকে নিজের ‘বাবা’ দেখিয়ে আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি প্যান কার্ডও বানিয়ে ফেলে সুজন। সুজনের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ইন্টারন্যাশনাল পাসপোর্টও। মনে করা হচ্ছে, এই নথি ব্যবহার করেই সে সীমান্ত দিয়ে পারাপার করত। শুধু তাই নয়, অভিযুক্ত সুজন নাকি ছিনতাইচক্রের সঙ্গেও যুক্ত ছিল। পুলিশের দাবি, বাইক ও মোবাইল ছিনতাই করে বাংলাদেশে পাচার করা ছিল তার পেশা। এই ঘটনায় তাকে সাহায্য করার অভিযোগে আলমগির মোল্লাকেও গ্রেফতার করেছে পুলিশ। সুজনের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একাধিক ভুয়ো নথি ও পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে পুলিশ। তদন্তে নেমেছে বারুইপুর থানা।

Be the first to comment