GALIF STREET: লাইসেন্স ছাড়া পশুপাখি বিক্রি নয়

গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট

Spread the love

প্রতিবেদন: বৈধ লাইসেন্স ছাড়া কোনও ভাবেই পোষ্য পশুপাখি বিক্রি করা যাবে না। শুধু গ্যালিফ স্ট্রিট কেন, কোথাও করা যাবে না। মঙ্গলবার এই সংক্রান্ত মামলায় আরও একবার সেটা স্পষ্ট করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি গ্যালিফ স্ট্রিটে পশুপাখি বিক্রিতে প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। নির্দেশ মেনে গত তিন সপ্তাহ ধরে শতাব্দী প্রাচীন রবিবার সকালের ওই হাট বসতে দিচ্ছে না পুলিশ-প্রশাসন। এর ফলে চরম সমস্যায় পড়েন ওই হাটের ব্যবসায়ীরা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন তারা। এদিন সেই মামলায় ফের আরও এক বার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রাইয়ের বেঞ্চ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, লাইসেন্স ছাড়া পশুপাখি বিক্রি করা যাবে না। বন্যপ্রাণী সংরক্ষণ আইন মেনে লাইসেন্স নিয়ে গ্যালিফ স্ট্রিটের পাশাপাশি রাজ্যের অন্য জায়গায় এই ব্যবসা করা যাবে। ব্যবসায়ীদের পশুপাখি বিক্রির বৈধ অনুমতি আছে কি না, তা খতিয়ে দেখে তবেই বিক্রির অনুমতি দিতে হবে প্রশাসনকে। এ নিয়ে আগামী ১৪ অক্টোবর পরবর্তী শুনানির দিন ফের সব পক্ষকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এই মামলায় আদালত বান্ধব হিসেবে আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায়কে নিযুক্ত করা হয়েছে। তিনি বলেন, গ্যালিফ স্ট্রিটের ওই হাটের একজন ব্যবসায়ীরও লাইসেন্স নেই। শুনানিতে আদালতে ব্যবসায়ীদের আইনজীবী জানান, ওই স্থানে যে ধরনের ব্যবসা হয়, তার জন্য লাইসেন্স লাগে না। ৬০০ জনের বেশি ব্যবসায়ী সুদীর্ঘ কাল ধরে সাপ্তাহিক ওই হাটে পসরা নিয়ে বসছেন। এভাবেই চলে আসছে দীর্ঘদিন। কোনও বিরল প্রজাতির প্রাণী বেচাকেনাও হয় না সেখানে। ওখানে কোনও বেআইনি পশুপাখি বেচাকেনা হচ্ছে কি না, তা দেখার জন্য বন দফতরের আধিকারিকদের নিযুক্ত করা হোক। কিন্তু ব্যবসায়ীদের বসতে দেওয়ার আবেদন আদালত মানতে চায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*