ভুয়ো ভোটার ধরতে তৃণমূল ভবনে কোর কমিটির বৈঠকে গরহাজির অভিষেক, দেবাংশুরা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- গত বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের সভায় রাজ্যে ভুয়ো ভোটার চিহ্নিত করতে ৩৬ জন সদস্যের কমিটি গড়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই নির্দেশে ঠিক এক সপ্তাহ পর সেই কাজের অগ্রগতি দেখতে বৈঠকে বসল সেই কমিটি। বৃহস্পতিবার তৃণমূল ভবনে সুব্রত বক্সির নেতৃত্বে বৈঠকে হাজির ছিলেন প্রায় সবাই। ছিলেন না শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেবাংশু ও ডেরেক ও ব্রায়েন। এদিনের বৈঠকের পর জাতীয় নির্বাচন কমিশনের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করতে চলেছে তৃণমূল নেতৃত্ব। সেই সাক্ষাতে কমিশনের হাতে তৃণমূল কী তথ্য তুলে দেয় সেদিকে এখন নজর সবার।

গত বৃহস্পতিবার দলনেত্রী নির্দেশ দিতেই জেলায় জেলায় ভুয়ো ভোটার চিহ্নিত করতে ময়দানে নেমে পড়েন তৃণমূলের সাংসদ থেকে বিধায়ক, নেতারা সকলেই। বিভিন্ন জায়গা থেকে একই এপিক নম্বরে একাধিক ভোটার কার্ড, কারও নাম ২ জায়গায়, জীবিতদের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়ার অভিযোগ এসেছে। তৃণমূলের দাবি, বিজেপি চক্রান্ত করে ভিনরাজ্যের ভোটারদের নামে একই এপিক নম্বরে ভোটার কার্ড তৈরি করাচ্ছে।
এদিনের বৈঠকে বীরভূম জেলা থেকে হাজির ছিলেন কোর কমিটির সমস্ত সদস্য। যাতে স্পষ্ট, কেষ্টর একার ওপর আর আস্থা নেই মমতার। বৈঠক থেকে বেরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করবে তৃণমূলের প্রতিনিধিদল। তারপর সাংবাদিক বৈঠক করে দলের বক্তব্য জানানো হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*