প্রতিবেদন: ঘরের মধ্যে বচসা চলাকালীন লিভ ইন পার্টনারকে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনায় গ্রেফতার হলেন এক তরুণী ও তার মা। দক্ষিণ শহরতলির গড়িয়ার ঘটনা। মৃতের নাম সার্থক সরকার। আদতে বারাসতের বাসিন্দা সার্থক গত কিছুদিন ধরে গড়িয়া এলাকার ফরতাবাদে লিভ ইন পার্টনারের সঙ্গে ভাড়া করা ফ্ল্যাটে থাকছিলেন। জানা গিয়েছে, শনিবার রাতে কিছু নিয়ে সার্থক ও তাঁর সঙ্গী সঞ্চালিকা বসুর মধ্যে বচসা বাধে। বচসা চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে ওই তরুণী ধারালো কিছু দিয়ে সার্থককে আঘাত করে। সার্থকের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। তারা জখম সার্থককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্ত তরুণী সঞ্চালিকা বসুকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাঁর মা মৌমিতা বসুকে গ্রেফতার করা হয়। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ খুনে তিনিও যুক্ত থাকতে পারেন। শুধুই বচসা থেকে খুন, নাকি পিছনে রয়েছে অন্য কারণ, খতিয়ে দেখছে পুলিশ।

Be the first to comment