সিবিএসইতে পাশের হারেও এগিয়ে মেয়েরা, অভিনন্দন জানালেন মোদি থেকে মমতা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষার পাশের হারেও এগিয়ে মেয়েরা। মঙ্গলবার সকালে প্রথমে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ হয়। কয়েকঘণ্টার ব্যবধানে দশমের রেজাল্ট প্রকাশ করে সিবিএসই। দ্বাদশের মতোই দশমেও পাশের হারে এগিয়ে মেয়েরা।
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) জানিয়েছে, এই বছর পাশের হার গত বছরের তুলনায় সামান্য বেড়েছে। দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অন্যরা।
২০২৫ সালে সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষায় পাশের হার ৯৩.৬৬ শতাংশ। গত বছরের পাশের হারের থেকে বেশি। ২০২৪ সালে দশম শ্রেণির ক্ষেত্রে পাশের হার ছিল ৯৩.৬০ শতাংশ। পরীক্ষা নিয়ন্ত্রক সন্ন্যাম ভরদ্বাজ জানিয়েছেন, মেয়েদের ফল ছেলেদের থেকে ভালো হয়েছে। মেয়েদের পাশের হার ছেলেদের থেকে ২ শতাংশ বেশি। মেয়েদের পাশের হার ৯৫ শতাংশ। ছেলেদের ক্ষেত্রে সংখ্যাটা ৯২.৬৩ শতাংশ। রূপান্তরকামী পরীক্ষার্থীদের ক্ষেত্রে, পাশের হার গত বছরের থেকে বেশি। গতবছর ছিল ৯১.৩০ শতাংশ। সেখানে এবছর তাদের পাশের হার ৯৫ শতাংশ।
এবছর ১.৯৯ লক্ষেরও বেশি পরীক্ষার্থী ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে। তাছাড়া ৪৫ হাজার ৫১৬ জন পরীক্ষার্থী ৯৫ শতাংশেরও বেশি নম্বর পেয়েছে। ১.৪১ লক্ষেরও বেশি পরীক্ষার্থী কম্পার্টমেন্ট পেয়েছে। মোট ২৩ লক্ষ ৭১ হাজার ৯৩৯ জন পরীক্ষার্থী সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। পরীক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট cbseresults.nic.in এবং results.cbse.nic.in -এ গিয়ে তাঁদের রেজাল্ট দেখতে পাচ্ছেন। এ ছাড়াও ফল দেখা যাচ্ছে ডিজিলকার এবং উমাঙ্গ অ্যাপের মাধ্যমে।

এদিন প্রধানমন্ত্রী উত্তীর্ণ পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁর এক্স হ্যান্ডেল পোস্টে লেখেন, “প্রিয় এক্সামওয়ারিওরস, সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ সকলকে অভিনন্দন! তোমাদের সাফল্য এবং তোমাদের নিরলস নিষ্ঠার জন্য আমি অত্যন্ত গর্বিত। তোমাদের সহায়ক পরিবার এবং নিবেদিতপ্রাণ শিক্ষকদের প্রচেষ্টাকেও আমি স্বীকৃতি জানাই, যাদের অটল সমর্থন এই সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী প্রচেষ্টার জন্য শুভকামনা।”


অন্যদিকে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উত্তীর্ণ পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁর এক্স হ্যান্ডেল পোস্টে লেখেন, “আমার প্রিয় ছাত্র-ছাত্রীদের সবাইকে আন্তরিক অভিনন্দন যারা এই বছর সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে। তোমাদের ভবিষ্যৎ প্রচেষ্টা আরও বড় সাফল্যে পূর্ণ হোক। তোমাদের সাফল্যের পেছনে থাকা অভিভাবক/অভিভাবিকাদের এবং শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানাই। যারা প্রতিকূলতার সম্মুখীন হয়েছ, তাদের আমি বলব—হতাশ হয়ো না। আমি নিশ্চিত ও আত্মবিশ্বাসী যে তোমাদের ভবিষ্যৎ সাফল্য অপেক্ষা করছে। আমার আশীর্বাদ ও শুভকামনা সবসময় তোমাদের সঙ্গে থাকবে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*