ওয়াকফ-অশান্তি নিয়ে কেন্দ্রকে পেশ করা রিপোর্টে রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গ উল্লেখ করলেন রাজ্যপাল বোস

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মুর্শিদাবাদের ওয়াকফ-অশান্তি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পেশ করা রিপোর্টে রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গ উল্লেখ করলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। অবশ্য সরাসরি রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করেননি রাজ্যের সাংবিধানিক প্রধান। আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হলে যে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির কথা কেন্দ্রীয় সরকার ভাবতে পারে তা একপ্রকার স্পষ্ট করেই বুঝিয়ে দিয়েছেন রাজ্যপাল।
ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে এপ্রিল মাসের শুরু থেকে মুর্শিদাবাদে অশান্তি শুরু হয়। জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে অশান্তির আগুন। জঙ্গিপুর মহকুমা অশান্ত হয়ে ওঠে। ৮ এপ্রিল রঘুনাথগঞ্জে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টিও হয়।
পরে সুতি থেকে শুরু করে সামসেরগঞ্জে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। অশান্তির জেরে তিনজনের প্রাণও যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকটি এলাকায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনায় প্রথমে রিপোর্ট চান রাজ্যপাল। পরে নিজেই সেখানে যান। যদিও তাঁর সফরে আপত্তি ছিল রাজ্য প্রশাসনের। তবে সেসবে গুরুত্ব না দিয়ে মুর্শিদাবাদে যান রাজ্যপাল। ফিরে এসে রিপোর্ট পাঠালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে।
রিপোর্টে রাজ্যপাল বলেছেন, মৌলবাদ এবং সন্ত্রাস পশ্চিমবঙ্গকে গুরুতর চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়েছে। এছাড়াও বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলির আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তদন্ত কমিশনের গঠন এবং ওই সমস্ত এলাকায় কেন্দ্রীয় বাহিনীর ফাঁড়ি স্থাপন-সহ বেশ কয়েকটি পদক্ষেপেরও পরামর্শ দিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান।
তিনি আরও জানান, মুর্শিদাবাদের ঘটনা পূর্বপরিকল্পিত। রাজ্যের পুলিশ প্রশাসন শান্তি বজায় না রাখতে পারলে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করতে পারে। সীমান্ত লাগোয়া, যে সমস্ত জায়গায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না, সেই সমস্ত জায়গায় বিএসএফ বা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যেতে পারে।
রিপোর্টের একটি অংশে তিনি সংবিধানের ৩৫৬ ধারার কথা উল্লেখ করেন। তবে মন্ত্রকের এক আধিকারিক জানান, রাজ্যপাল রাষ্ট্রপতি শাসন জারির প্রস্তাব করেননি। তিনি বলতে চেয়েছেন, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হলে সংবিধানের ৩৫৬ ধারা লাগু করার বিকল্প কেন্দ্রীয় সরকারের কাছে আছে। সংবিধানের ৩৫৬ ধারায় ভারতের যে কোনও অঙ্গ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারিরা কথা বলা আছে।
অন্যদিকে, রিপোর্টে রাজ্যপালের আশঙ্কা মুর্শিদাবাদে যে হিংসার পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রভাব রাজ্যের অন্যত্র পড়তে পারে। এই প্রসঙ্গেই তিনি মনে করেন কেন্দ্রীয় সরকারের উচিত এমন ব্যবস্থা করা যাতে আইনের শাসনের প্রতি জনগণের আস্থা তৈরি হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*