রোজদিন ডেস্ক, কলকাতা :- ভারতীয় সেনাবাহিনী এবার রাশিয়া থেকে অত্যাধুনিক Igla-S Air Defence System পেল, যা দেশের প্রতিরক্ষা ক্ষমতাকে আরো বৃদ্ধি করবে। এতে পাকিস্তানের যুদ্ধবিমান, ড্রোন এবং অ্যাটাক হেলিকপ্টারকে খুব কাছ থেকে ধ্বংস করার জন্য এগুলিকে সীমান্তের সামনের সারিতে মোতায়েন করা হচ্ছে।
এই মিসাইলগুলি রাশিয়ার থেকে কিনতে ২৫০ কোটি টাকা লেগেছে। সীমান্তবর্তী এলাকায় প্রতিরক্ষা আরও জোরদার করার জন্য তাৎক্ষণিক কার্যকরী চাহিদার কথা মাথায় রেখেই রাশিয়ার সঙ্গে এই চুক্তি করা হয়েছে।
সেনাবাহিনী এবং বিমানবাহিনী ১৯৮৯ সাল থেকে পুরনো ইগলা-১এম সিস্টেম ব্যবহার করে আসছে, কিন্তু ইগলা-এস একটি উন্নত সংস্করণ, যার ইন্টারসেপশন রেঞ্জ ৬ কিমি পর্যন্ত। একজন সেনা এই মিসাইল কাঁধে নিয়ে বহন করতে এবং ছুড়তে পারেন। লক্ষ্যবস্তু শনাক্ত এবং লক করার পর এই মিসাইল টার্গেটকে স্বয়ংক্রিয়ভাবে এটি ধ্বংস করে দেয়।
বস্তুত, পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর গোটা জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংবেদনশীল এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। যে কোনও হামলা রুখতে বাহিনী টহল দিচ্ছে, যানবাহন তল্লাশি চালানো হচ্ছে। এছাড়াও নজরদারি ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে। নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্তে মহড়া চালানো হচ্ছে।

Be the first to comment