পহেলগাঁওয়ের পাল্টা এয়ারস্ট্রাইক! বিমানবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক মোদির

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনার মধ্যেই বিমানবাহিনীর প্রধান অমরপ্রীত সিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, দিল্লিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে।
২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে ঠেকেছে। নিয়ন্ত্রণ রেখায় রয়েছে উত্তেজনা। যে কোনও রকম হামলার মোকাবিলা ও প্রত্যাঘাতের জন্য প্রস্তুত রয়েছে তিন বাহিনী। এর আগে ২৮ এপ্রিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষা প্রধান (সিডিএস) জেনারেল অনিল চৌহান সহ অন্য সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছিলেন মোদি। দেড় ঘণ্টার ওই বৈঠকে প্রত্যাঘাতের ক্ষেত্রে সেনাকে ‘সম্পূর্ণ স্বাধীনতা’ দিয়েছিলেন তিনি।
৩০ এপ্রিল সেনাপ্রধান জেনারেল দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেছিলেন মোদি। বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভালও তাতে যোগ দিয়েছিলেন। ৩ মে সন্ধ্যা ৬টায় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তারপর এদিন দিল্লিতে বিমানবাহিনীর প্রধান অমরপ্রীত সিংয়ের সঙ্গে বৈঠক করলেন তিনি। বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে, সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে বিশেষজ্ঞদের একাংশের অনুমান, এয়ারস্ট্রাইকের মাধ্যমে পহেলগাম হামলার জবাব দেওয়া হবে কিনা, তা নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*