রোজদিন ডেস্ক : সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা শিক্ষা কর্মীদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য বিকল্প বেতনের ব্যবস্থা করল রাজ্য। যতদিন না আদালতে মামলার ফয়সালা হচ্ছে ততদিন এই বেতন মিলবে। শনিবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আগামী মাস অর্থাৎ মে মাসেই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করা হবে। শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি শিক্ষা কর্মীদের জন্যও দাখিল হবে রিভিউ পিটিশন।
এদিন নবান্ন সভাঘরে চাকরিহারা শিক্ষা কর্মীদের সঙ্গে বৈঠক ছিল মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর। সেখানেই ফোনে চাকরিহারাদের সঙ্গে কথা বলেন মমতা। মুখ্যমন্ত্রী জানান, চাকরিহারাদের জন্য রাজ্য সরকার ব্যথিত। আদালতের রায় অমান্য করা সম্ভব নয়। তবে কীভাবে তাঁদের সংসার চলবে, তা নিয়ে রাজ্য সরকারও চিন্তিত। তাই তাঁদের জন্য বিকল্প বেতনের প্রস্তাব দেন মমতা। চাকরিহারা গ্রুপ সি কর্মীদের মাসিক ২৫ হাজার এবং গ্রুপ ডি চাকরিহারাদের জন্য ২০ হাজার টাকা আর্থিক সাহায্য করবে রাজ্য সরকারের শ্রমদফতর। এর সঙ্গে শিক্ষাদফতরকে যুক্ত করছে না রাজ্য।
মুখ্যমন্ত্রীর কথায়, “রাজ্য সরকার ডানলপের বন্ধ হয়ে যাওয়া কারখানার শ্রমিকদের মাসিক ১০ হাজার টাকা আর্থিক সাহায্য করে। তেমনই গ্রুপ সি ও গ্রু ডি-র চাকরিহারাদের আর্থিক সাহায্যের প্রস্তাব দেওয়া হচ্ছে। ওঁরা রাজি থাকলে এই টাকা দেওয়া হবে। যতদিন না আদালতে মামলার নিষ্পত্তি হয়।”

Be the first to comment