রোজদিন ডেস্ক : বিরোধীদের লাগাতার প্রতিবাদ ও মানুষের আন্দোলনের জেরেই কেন্দ্রের মোদি সরকার GST হারে পরিবর্তন করতে বাধ্য হয়েছে। পুজো উদ্বোধনের মঞ্চে এভাবেই GST নিয়ে মোদিকে জবাব দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যে ঘোষণা করে নিজের প্রচার করছেন প্রধানমন্ত্রী, তা আসলে রাজ্যের কৃতিত্ব।
মুখ্যমন্ত্রী বলেন, আমরা বলেছিলাম, কেন মানুষকে বিমা করাতে গেলে এত টাকা দিতে হবে? স্বাস্থ্যসাথীর জন্য তো টাকা দিতে হয় না। টাকা কাটল আমাদের, আর প্রচার হচ্ছে ওনাদের। এই টাকাটা আমাদের জোগাড় করতে হচ্ছে। আমাদের রাজস্ব আদায় যা দিয়ে রাজ্যের প্রকল্প চলে। শুধুমাত্র বিমায় রাজ্যের লোকসান প্রায় ৯০০ কোটি টাকা। বাদ বাকি নিয়ে প্রায় ২০ হাজার কোটির টাকার কাছাকাছি।
কেন্দ্রের পক্ষপাতিত্বের হিসাব তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যেই কেন্দ্রের কাছে GST বাবদ ১ লক্ষ ৯২ হাজার কোটি টাকা বাকি রয়েছে। এবার গেল আরও ২০ হাজার কোটি। বিজেপির রাজ্যগুলিকে তো ওরা কেন্দ্রের টাকায় ভরিয়ে দেবে। এখানে টিকটিকি দৌড়ালে কমিশন চলে আসে। আর উত্তরপ্রদেশ, বিহারে কিছু হলে দেখতে পায় না।
জিএসটির পুরো ক্রেডিট রাজ্যের। আমার রাজ্যের মানুষ যে সুবিধা পাবে তার জন্য রাজ্যের ২০ হাজার কোটি টাকা লোকসান হচ্ছে। এটা রাজ্যের জিএসটি, কেন্দ্রের নয়। তবে শেষ পর্যন্ত কেন্দ্রের এই সিদ্ধান্তে যে সাধারণ মানুষ উপকৃত হবেন, তা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের কোনও অধিকার নেই ভাষণ দেওয়ার। টাকা কেটেছে রাজ্যের জিএসটি থেকে। তার জন্য আমার দুঃখ নেই। সাধারণ মানুষের উপকার হচ্ছে, এতেই আমি খুশি। কিন্তু এর জন্য রাজ্যকে কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি।

Be the first to comment