ফের টলিপাড়ায় গিল্ড-ফেডারেশন তরজা শুরু

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ফের নতুন করে মাথাচাড়া দিল গিল্ড-ফেডারেশন তরজা। টলিপাড়ার তিন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায় এবং শ্রীজিৎ রায়কে অসঙ্গতির কারণ দেখিয়ে ‘নিষিদ্ধ’ ঘোষণা করা হয়। এরপর বৃহস্পতিবার রাতে টলিপাড়ার পরিচালকদের সংগঠনের তরফে কর্মবিরতির ডাক দেওয়া হয়। এবার সংশ্লিষ্ট ইস্যুতে পালটা পরিচালকদেরই কাঠগড়ায় তুললেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। তিনি জানান, ফেডারেশনের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই কর্মবিরতির ডাক দিয়েছেন পরিচালকেরা।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরূপ জানান, “ইচ্ছাকৃতভাবে শুটিং বন্ধ করেছেন পরিচালকরা। কোনও আলোচনা না করেই শুটিং বন্ধ করেছেন তাঁরা। সেটে পরিচালকদের পাশাপাশি সকলেই সম্মানীয়। সকলের সম্মান পাওয়া উচিত। ফেডারেশন লেবার অ্যাক্ট জানে। তাই শ্রম আইন জেনে বুঝে কথা বলা উচিত। আগে ১৮-১৯ ঘণ্টা করে কাজ হত। কলাকুশলীরা শৌচালয়ে যাওয়ার সময় পেতেন না। পরে আলোচনার মাধ্যমে টেকনিশিয়ানদের স্বার্থে সেটা ১৪ ঘণ্টা করা হয়েছে। তখন তাতে কারা সায় দিয়েছিলেন? সেটা খোঁজ নিন। পরিচালক গিল্ডের উচিত আগে নিজেদের এক্তিয়ার বোঝা। ফেডারেশন কোনও রাজনৈতিক সংগঠন নয়। আর সেই জায়গা থেকে টেকনিশিয়ানদের স্বার্থরক্ষা করবেই ফেডারেশন।” এরপরই পালটা পরিচালক গিল্ডের উদ্দেশে স্বরূপের বার্তা, “আমরা ধর্মঘট ডাকলে ইন্ডাস্ট্রির একটা পাতা নড়বে না। আমরা ধর্মঘট চাইনি, আলোচনা চেয়েছিলাম। কৌশিকবাবু (গঙ্গোপাধ্যায়) এসেছিলেন, আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। সেটে পরিচালক একাই কি কাজ করেন, অন্যান্য কালকুশলীদের কোনও ভ্যালু নেই?” ফেডারেশন সভাপতির সংযোজন, “ভোটে জিতে ফেডারেশনের নীতি নির্ধারণ করুন।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*