রোজদিন ডেস্ক : বিজেপি শাসিত গুজরাটে আচমকাই মুখ্যমন্ত্রী বাদে সব মন্ত্রী পদত্যাগ করলেন। তাঁদের পদত্যাগ করতে কার্যত বাধ্য করা হয়েছে বলে জানা গেছে। আগামীকাল মন্ত্রিসভা সম্প্রসারণ ও রদবদলের পর ফের নতুনভাবে তাঁরা শপথ গ্রহণ করবেন। আজ মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের বাসভবনে দলের জাতীয় সাধারণ সম্পাদক (সাংগঠনিক) সুনীল বনসালের সঙ্গে সব মন্ত্রীদের বৈঠক হয়। জানা গেছে, কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে এই পদক্ষেপের কথা তাঁদের প্রত্যেককে জানানো হয়। ২০২৭ সালে গুজরাট বিধানসভা নির্বাচনের দু-বছর আগে আচমকা বিজেপির এই সিদ্ধান্তে রাজনৈতিক মহল বিস্মিত।
সূত্রের খবর, ১৮২ আসনের গুজরাট বিধানসভায় এখন ১৬ জন মন্ত্রী আছেন। তা বৃদ্ধি করে ২৬ জন হবে। সদ্য প্রাক্তন হওয়া সব মন্ত্রী নতুন মন্ত্রিসভায় থাকবেন কিনা তা এখনও পরিস্কার নয়। বেশ কিছু নতুন মুখ আসবেন। প্রবীণ ও নবীনের মেল বন্ধনে নতুন মন্ত্রিসভা হবে। সঙ্গে জাতি ও সম্প্রদায়ের ভারসাম্যও বজায় রাখা হবে।
গুজরাটের বিজেপি রাজ্য সভাপতি জগদীশ বিশ্বকর্মা এই প্রক্রিয়ায় সমন্বয় করছেন। নেতৃত্বের সিদ্ধান্ত মন্ত্রীদের জানাচ্ছেন।
মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল আজ রাতে রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন বলে প্রকাশ।
আগামীকাল গান্ধীনগরের মন্দিরে নয়া মন্ত্রিসভা শপথ গ্রহণ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাটে রাজনৈতিক সমীকরণ জোরদার করতে এই পদক্ষেপ বলে প্রকাশ। দীর্ঘদিন এই রাজ্যের মুখ্যমন্ত্রী থাকাকালীন শিল্প বাণিজ্য উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।

Be the first to comment