প্রতিবেদন: অর্পিতা সরকারের পর বর্ধমান থেকে জঙ্গি সন্দেহে ধৃত হামিম মণ্ডলের আরও এক সঙ্গী পুলিশের জালে। হামিমের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে সোমবার সকালে হাওড়া থেকে আরও এক জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত আদিত্য সিং ওরফে রাজ হাওড়ার বেলিলিয়াস রোডের বাসিন্দা। রবিবার রাতেই এসটিএফ তাঁকে আটক করেছিল। জেরার পর সকালে গ্রেফতার করা হয় আদিত্যকে। সোমবারই তাঁকে বর্ধমান আদালতে পেশ করা হবে। হাওড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উমেশ রাইকে খুনের হুমকি দিয়ে যে ফোন করা হয়েছিল, তার সঙ্গে আদিত্যের যোগ রয়েছে। তিনিই মন্ত্রীর বিভিন্ন তথ্য হামিমকে দিয়েছিলেন বলেই দাবি পুলিশের। রাজ্যের মন্ত্রী উমেশ রাই সম্প্রতি পাকিস্তান থেকে হুমকি ফোন পান। ফোনে মন্ত্রীকে খুন এবং তাঁর পুত্রকে অপহরণ করার হুমকি দেওয়া হয়। পরে পুলিশকে তিনি বিষয়টি জানান। গোটা ঘটনার তদন্তভার যায় এসটিএফের হাতে। সেই তদন্তের সূত্রেই বর্ধমান থেকে গ্রেফতার করা হয় হামিমকে। এর আগে হামিমের বান্ধবী অর্পিতা সরকারকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করেছিল পুলিশ। অভিযোগ, পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে তাঁদের নিয়মিত যোগাযোগ ছিল। রাজ্যে নাশকতা ঘটানোর পরিকল্পনা ছিল এই চক্রের।

Be the first to comment