রোজদিন ডেস্ক :
ভোটকর্মী শিক্ষক সৈকত চ্যাটার্জিকে তাঁর দফতরের কর্মীরা মারধর করার অভিযোগ উঠেছিল আগেই। যদিও তা অস্বীকার করে অভিযোগকারী শিক্ষককেই নিশানা করেছিলেন তিনি। আজ নির্বাচন কমিশন হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে। তাঁর বিরুদ্ধে প্রোটোকল বজায় রাখার ব্যর্থতার কথা বলা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত শুক্রবার ভোট কর্মীদের প্রশিক্ষণ চলাকালীন মুখ্যমন্ত্রীর ছবি দেখানোর প্রতিবাদ করেছিলেন শিক্ষক সৈকত চ্যাটার্জি। এতে তাঁকে মারধর করে মাথা ফাটিয়ে দেন কয়েক জন। তাঁরা বিডিও অফিসের কর্মী বলে অভিযোগ করেছিলেন প্রহৃত শিক্ষক। নির্বাচন কমিশনে নালিশও করেন। তাঁকে সমর্থন করে ব্যবস্থা গ্রহণের দাবি করেছিলেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চও।
আজ নির্বাচন কমিশন অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছভাবে নির্বাচন পরিচালনা ব্যাহত করার দায়ে বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড করলো।

Be the first to comment