রোজদিন ডেস্ক : ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী মিছিল করে নন্দীগ্রাম কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা করেন ৩০ মার্চ । ২ এপ্রিল ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়নপত্র পেশ করতে চলেছেন তিনি। বিধানসভা কেন্দ্রটি ২০২৬ এর ভোটে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখানে স্বয়ং মমতা ব্যানার্জি। তাই এই কেন্দ্রটি নিয়ে বিজেপি তৃণমূল দুই প্রতিপক্ষ পার্টির মধ্যে বেশ ভালো রকম উত্তেজনা রয়েছে। বিজেপির প্রচারে আরো উৎসাহ দিতে মনোনয়নপত্র পেশ করার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকবেন। এর আগেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে সাংবাদিক সম্মেলন করে চার্জশিট পেশ করেন। তখন তিনি বলেন তৃণমূলকে হারানো শুধুই সময়ের অপেক্ষা, এটা নিশ্চিত পদ্মফুল বাহিনী তৃণমূলকে উপড়ে ফেলে দেবে। শুভেন্দু অধিকারী রোড শো করে হাজরা মোড় থেকে রওনা হবেন আলিপুরে, যেখানে তিনি পাশে পাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।
২০২১ এর বিধানসভা নির্বাচনে সারা দেশ দেখেছে মমতা-শুভেন্দু ডুয়েল। মমতাকে ১৯৫৬ ভোটের ব্যবধানে হারিয়ে জয়যুক্ত হন শুভেন্দু অধিকারী। তিনি বলেন ২০২৬ এর ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার হারাতে চলেছেন। আত্মবিশ্বাসী শুভেন্দু বারবার বলেছেন দুটি আসনেই জয় নিশ্চিত পদ্ম শিবিরের। কেন্দ্রীয় নেতৃত্ব তাকে যথেষ্ট উৎসাহ দিচ্ছে প্রতিটি ক্ষেত্রে। সেই উৎসাহের প্রতিফলন ঘটতে চলেছে আগামী ২ এপ্রিল অমিত শাহের উপস্থিতিতে গোপালনগর সার্ভে বিল্ডিং -এ মনোনয়নপত্র পেশ করবার সময়। হাজরা – ভবানীপুরে রোডশো যাবে। অমিত শাহ উপস্থিত থাকায় প্রার্থীর গরিমা যেমন বাড়বে, সেরকমই দলীয় কর্মীদের মনোবল কয়েক ধাপ এগিয়ে যাবে বলে পদ্ম শিবির মনে করছে ।

Be the first to comment