রোজদিন ডেস্ক, কলকাতা :- নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
এই নিম্নচাপ কেটে যাওয়ার পরেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ঘূর্ণাবর্তের জেরে বুধবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায়। সোমবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতায়।
আবহাওয়া দপ্তরের রিপোর্টে যদিও রবিবার পর্যন্ত বৃষ্টি হওয়ার কথা বলা হয়েছে, তবে জানা যাচ্ছে শনিবার থেকে বৃষ্টির দাপট কমবে রাজ্যে। এই সময় সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে তাই আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Be the first to comment