রোজদিন ডেস্ক, কলকাতা:- তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার কেন্দ্র সরকারের কাছে দাবি জানালেন, পাঞ্জাবের অমৃতসরের ঐতিহাসিক জালিয়ানওয়ালাবাগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি স্থাপন করতে হবে।
ঋতব্রত জানান, তিনি সংসদে একটি প্রশ্ন করেন যে, জালিয়ানওয়ালাবাগ স্মৃতিসৌধে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনও মূর্তি আছে কি না বা ভবিষ্যতে স্থাপনের কোনও পরিকল্পনা আছে কি না। এর উত্তরে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানান, “জালিয়ানওয়ালাবাগ মূলত হত্যাকাণ্ডে শহিদদের স্মৃতিরক্ষার্থে তৈরি। এখানে শহিদ গ্যালারি এবং সেই কুয়ো রয়েছে যেখানে অনেকে প্রাণ বাঁচাতে ঝাঁপ দিয়েছিলেন। তাই কবির কোনও মূর্তি স্থাপনের পরিকল্পনা নেই।”
এই উত্তরকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করে ঋতব্রত বলেন, “জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রথম ও সবচেয়ে তীব্র প্রতিবাদ এসেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষ থেকেই। তাঁর নাইটহুড ত্যাগ সেই সময় ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক প্রতীকী প্রতিবাদ। আজ বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের টার্গেট করা হচ্ছে, স্কুলপাঠ্য থেকে রবীন্দ্রনাথের লেখা বাদ দেওয়া হচ্ছে। এটা একধরনের সাংস্কৃতিক বর্জন।”
রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৫ সালে ব্রিটিশ সরকারের কাছ থেকে নাইটহুড উপাধি গ্রহণ করেছিলেন। কিন্তু ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি প্রত্যাখ্যান করেন। এই ঐতিহাসিক প্রতিবাদকে স্মরণ করে নোবেলজয়ী কবির মূর্তি স্থাপন করা উচিত বলে মনে করেন তৃণমূল সাংসদ।

Be the first to comment