রোজদিন ডেস্ক, কলকাতা:- ফের বাংলার পরিযায়ী শ্রমিকদের ‘বাংলাদেশি’ বলে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা ও অত্যাচারের অভিযোগ। হরিয়ানা থেকে ওই শ্রমিকদের পরিচয় জানতে চেয়ে রাজ্য পুলিশের কাছে আসা চিঠি দেখেই গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় পোস্ট করে সোচ্চারে তিনি প্রশ্ন তুললেন, ‘ভাষা সন্ত্রাস বন্ধ হবে, কি হবে না?’ সেইসঙ্গে হুঙ্কার, ‘এই অত্যাচার বাংলা সহ্য করবে না।’
অভিযোগ, বৈধ নথি দেখানো সত্ত্বেও হরিয়ানার গুরগাঁওয়ে কাজ করতে যাওয়া কোচবিহারের শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে আটকে রাখা হয়েছে ডিটেনশন ক্যাম্পে। শুধু তাই নয়, তাঁদের উপর অত্যাচারের ভিডিও ভাইরাল হয়েছে। কোচবিহারে তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় সেই ভিডিও শেয়ার করে তীব্র ধিক্কার জানিয়েছিলেন আগেই। এবার হরিয়ানা সরকারের তরফে রাজ্য পুলিশের কাছে চিঠি পাঠিয়ে ওইসব শ্রমিকদের পরিচয় জানতে চাওয়া হয়েছে। নথিপত্র যাচাইয়ের কথা বলা হয়েছে।
আর তা দেখেই গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি হরিয়ানা সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন। তাঁর বক্তব্য, ‘আমাদের বাংলাভাষী মানুষের উপর গুড়গাঁও, হরিয়ানায় আটক ও নৃশংসতার খবর ক্রমাগত পাচ্ছি। হরিয়ানা পুলিশের তরফে পরিচয় যাচাইয়ের নামে এই রিপোর্টগুলি পাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ। আলাদাভাবে রাজস্থান প্রভৃতি রাজ্য থেকেও ক্রমবর্ধমান রিপোর্ট পাচ্ছি—সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের নাগরিকদের অবৈধভাবে “পুশব্যাক” করে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে!! আমাদের অফিসারদের হাতে তাদের যথাযথ কাগজপত্রের কপি এসে পৌঁছেছে! এই রাজ্যগুলিতে পশ্চিমবঙ্গের অসহায় দরিদ্র বাংলা ভাষী শ্রমিকদের উপর অকথ্য অত্যাচার চলছে। ডাবল ইঞ্জিন সরকারের এই বাংলা ভাষী মানুষের উপর ভয়াবহ নৃশংসতা দেখে আমি স্তম্ভিত। তোমরা কী প্রমাণ করতে চাও? এটা পাশবিক ও ভয়ঙ্কর। আমরা এটা সহ্য করতে পারব না। এই ভাষা সন্ত্রাস বন্ধ করুন। ভাষা সন্ত্রাস বন্ধ হবে, কি হবে না?’
Have been increasingly receiving reports of detentions of and atrocities on our Bengali-speaking people from different districts of West Bengal in Gurgaon, Haryana. West Bengal police is receiving these reports from Haryana police in the name of requests for identity searches.…
— Mamata Banerjee (@MamataOfficial) July 24, 2025

Be the first to comment