প্রতিবেদন: কালীঘাটে তাঁর বাড়ির সামনে পুলিশের রেইকি ও নজরদারির অভিযোগ তুলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ভিডিওতে সাংসদ সরাসরি দেশের বিচার ব্যবস্থা ও আদালতের মর্যাদাকে চ্যালেঞ্জ জানিয়েছেন বলে আদালতে অভিযোগ তুলল রাজ্য। সেই বক্তব্যের প্রেক্ষিতেই বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলেন রাজ্যের আইনজীবী। তারপরই সাংসদের আইনজীবীর সঙ্গে এজলাসে তীব্র বাদানুবাদ বাধে রাজ্যের আইনজীবীর। সাংসদের আইনজীবী বলেন, পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলেই তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন। কিন্তু সেখানে দেখছি নিরাপত্তার মামলাটি যাতে না হয়, তার চেষ্টা চলছে। এই প্রসঙ্গে বিচারপতিদের একাংশের ভূমিকায় প্রশ্ন উঠতেই অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি কৃষ্ণা রাও। অত্যন্ত কড়া ভাষায় তিনি অভিষেকের আইনজীবীকে বলেন, কোন বিচারপতি বিজেপির এবং কোন কোন বিচারপতি তৃণমূলের, তার একটি পূর্ণাঙ্গ তালিকা যেন আদালতে পেশ করেন তিনি। বিচারপতি আরও বলেন, আপনার মক্কেলকে জিজ্ঞাসা করুন, কোন কোন বিচারপতি বিজেপির সঙ্গে রয়েছেন আর কারা নেই! তিনি তো নিজেকে অত্যন্ত বুদ্ধিমান মনে করেন। তাঁকে বলুন একটি তালিকা দিতে, আমি তা দেখে নেব। এদিন অবশ্য অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রায়দান স্থগিত রাখেন বিচারপতি।

Be the first to comment