বিপদ আরও বাড়ল, দায়ের হয়েছে আটটি এফআইআর, সব মামলায় অভিষেকের সার্বিক রক্ষাকবচের আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট

Spread the love

প্রতিবেদন: বিপদ আরও বাড়ল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যে বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে দায়ের হয়েছে মোট আটটি এফআইআর। এই সব অভিযোগ একত্রিত করে সার্বিক রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার এই মামলায় তাকে কোনও স্বস্তি দিল না আদালত। একাধিক এফআইআর নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মামলা ঝুলেই রইল। আগামী বৃহস্পতিবার পর্যন্ত মামলার শুনানি মুলতবি রাখল কলকাতা হাইকোর্ট। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, এই সময়ের মধ্যে তৃণমূল সাংসদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা হলে বিষয়টি আদালতের নজরে আনা যাবে। তবে সব মামলা একত্রিত করে সার্বিক ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনই কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়া যাচ্ছে না। বিচারপতির এই নির্দেশের ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি আরও বাড়ল। কারণ, রাজ্যে পালাবদলের পর তৃণমূল আমলের একের পর এক দুর্নীতি সামনে আসছে। সে সব নিয়ে কড়া মনোভাব নিয়েছে রাজ্যের বর্তমান বিজেপি সরকার। ফলে শাস্তি থেকে বাঁচতে রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে মামলা করেন অভিষেক। এদিন তাঁর আইনজীবী কপিল সিব্বল বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে মামলা করা হচ্ছে। ভবানীপুর, শিলিগুড়ি, নাকাশিপাড়া, বিষ্ণুপুর-সহ একাধিক থানায় তাঁর মক্কেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিচারপতি পালটা বলেন, একসঙ্গে সব মামলায় এভাবে রক্ষাকবচ দেওয়া সম্ভব নয়। প্রতিটি ভিন্ন ভিন্ন অভিযোগে মামলা দায়ের হয়েছে। একসঙ্গে সব মামলা জুড়ে রক্ষাকবচ চাইছেন কী ভাবে? এটা সম্ভব নয়। বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*