ভিআইপি রোডের ধারে বেআইনি নির্মাণ নিয়ে এবার কড়া মনোভাব হাইকোর্টের

Spread the love

প্রতিবেদন: ভিআইপি রোডের দু’ধারে বেআইনি নির্মাণ ও জবরদখল নিয়ে কড়া কলকাতা হাইকোর্ট। একটিও বেআইনি নির্মাণ বরদাস্ত নয়, বলে বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলায় স্পষ্ট করে দিয়েছে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। ভিআইপি রোডের দু’ধারে বেআইনি দখলদার উচ্ছেদ বা সরাতে প্রশাসনিক পদক্ষেপ চেয়ে মামলা দায়ের হয়। অর্ধেন্দু নাগ নামে এক ব্যক্তি জনস্বার্থ মামলা দায়ের করেন। সেই মামলায় একাধিকবার রিপোর্ট তলব করেছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। গত ১০ জুলাই উত্তর ২৪ পরগনার জেলাশাসক নিজে না এসে রিপোর্ট পাঠান। তাতে ক্ষোভপ্রকাশ করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। এরপর ২৩ জুলাই উত্তর ২৪ পরগনার জেলাশাসককে সশরীরে এসে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশ মেনে এদিন জেলাশাসক আদালতে রিপোর্ট দিতে আসেন। ভরা এজলাসে জেলাশাসকের উদ্দেশ্যে বিচারপতিদের বক্তব্য, রিপোর্ট দেওয়ার এক সপ্তাহের মধ্যে ফের দখলদাররা পুরনো জায়গায় যেন ফিরে না আসে, জেলাশাসককে তা দেখতে হবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র বলেন, ২৪টি নির্মাণের মধ্যে এখনও পর্যন্ত ১০টি সরানো হয়েছে। বাকিগুলো সরানোর প্রক্রিয়া চলছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, আমরা দেখি সরানোর এক সপ্তাহের মধ্যে আবার সেগুলো ফিরে আসে৷ এসব চলবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*