প্রতিবেদন: তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক কত টাকা রয়েছে, আগামী মঙ্গলবারের মধ্যে তা আদালতে হলফনামা দিয়ে জানাতে হবে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে। তৃণমূলের তহবিল সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি। এই মামলায় আগেই পুলিশ, ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারকেও যুক্ত করা হয়েছে। এদিন শুনানিতে বিচারপতি আগামী মঙ্গলবারের মধ্যে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশের পাশাপাশি এই তদন্ত কতদূর এগিয়েছে তা নিয়েও পুলিশের কাছ থেকে রিপোর্ট তলব করেন। পরবর্তী শুনানির দিন পুলিশকে রিপোর্ট জমা দিতে হবে। নির্বাচনের হারের পর ভেঙেছে তৃণমূল কংগ্রেস। একদিকে কালীঘাট (মমতা বন্দ্যোপাধ্যায়) তৃণমূল, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (বিরোধী দলনেতা) তৃণমূল। দুই গোষ্ঠীই দলের তহবিলের নিয়ন্ত্রণ হাতে চায়। তাই নিয়ে এখন চলছে আইনি লড়াই। দলের এই বিপুল তহবিল নিয়ে বর্তমানে মমতাপন্থী বনাম ঋতব্রতপন্থীদের লড়াইয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস এইচডিএফসি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি জানান। এরপর বিদ্রোহী শিবির ওই অ্যাকাউন্টে থাকা টাকার উৎস নিয়ে অভিযোগ তুলে পুলিশে অভিযোগ দায়ের করে। তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই তিনটি অ্যাকাউন্ট সাময়িক ভাবে ফ্রিজ করে দেয়।

Be the first to comment