প্রতিবেদন: মঙ্গলবার তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে মামলার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। মামলার প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি সৌগত ভট্টাচার্যের মন্তব্য, একদিন দেরি হলে আকাশ ভেঙে পড়বে না। আদালতে উপস্থিত সলিসিটর জেনারেলের আর্জি মেনে আগামী বৃহস্পতিবার ৯ জুলাই মামলার শুনানির দিন ধার্য করে আদালত। দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দ্রুত শুনানির আর্জি জানান আইনজীবী কিশোর দত্ত। বলেন, আজ বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিঙভি রয়েছেন, তাই যাতে এদিন মামলা শোনেন বিচারপতি। কিন্তু সেই আর্জি খারিজ হয়ে যায়।
মামলার গত শুনানিতে বিচারপতি বলেন, অভিযোগ দায়েরের সময় আদালতকে ভাবাচ্ছে। ২৮ জুন সন্ধ্যে সাড়ে ৬ টায় অভিযোগ দায়ের হয়। আর পরদিন সকালেই ব্যাঙ্ক জানাল অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। অথচ অভিযোগ জানানোর আগে ওই অ্যাকাউন্ট নিয়ে নির্দিষ্ট কোনও অভিযোগ কেউ করেনি। তাহলে হঠাৎ পুলিশে অভিযোগের পরে কিসের ভিত্তিতে এত তড়িঘড়ি পুলিশ অ্যাকাউন্ট ফ্রিজ করল। সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলি নিয়ে ব্যাঙ্কের কাছে যে রিপোর্ট দিতে বলা হয়েছিল, বৃহস্পতিবার সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

Be the first to comment