৭ মে প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল, পরের দিন নিজেদের স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবে পরীক্ষার্থীরা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মে মাসেই প্রকাশিত হচ্ছে এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। পরীক্ষা শেষের ৫০ দিনের মাথায় ফল প্রকাশ পাচ্ছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, মে মাসের ৭ তারিখ দুপুর সাড়ে বারোটার সময় সাংবাদিক সম্মেলন করে প্রকাশ করা হবে এবছরের উচ্চমাধ্যমিকের ফলাফল। তবে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পাবে বেলা ২টো থেকে। তারা https://result.wb.gov.in এবং https://results.digilocker.gov.in/ ওয়েবসাইটে নিজেদের ফলাফল জানতে পারবে। এছাড়া WBCHSE Results অ্যাপের মাধ্যমেও ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা। আর তার পরের দিন, অর্থাৎ ৮ মে নিজেদের স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবে পরীক্ষার্থীরা। উল্লেখ্য, এই বছরই শেষ বারের মতো হচ্ছে বার্ষিক ভাবে উচ্চমাধ্যমিক। এই শিক্ষাবর্ষ থেকে চালু হয়েছে সেমেস্টার পদ্ধতি।


প্রসঙ্গত, চলতি বছর উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লাখ ৮ হাজার ৪১৩ জন। এবার পরীক্ষা শুরু হয়েছিল ৩ মার্চ। শেষ হয় ১৮ মার্চ। এ বছর উচ্চমাধ্যমিকে মোট ছাত্রের সংখ্যা ২ লাখ ৩০ হাজার ৪২১। মোট ছাত্রীর সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৯৯২। ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা ছিল ৪৭ হাজার ৫৭১ জন বেশি। ২৩টি জেলাতেই ছাত্রীরা এগিয়ে রয়েছে ছাত্রদের তুলনায়। অন্যদিকে, মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ২ হাজার ৮৯টি। তার মধ্যে ১৩৬টি ছিল স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্র। তবে এই বছর পরীক্ষা বাতিল হয় মোট ৮ জন পরীক্ষার্থীর।
উল্লেখ্য, ২ মে প্রকাশিত হচ্ছে এবছরের মাধ্যমিকের ফলাফল। সকাল ৯টায় সাংবাদিক সম্মেলন করে ফলাফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। ওই দিনই স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবে পরীক্ষার্থীরা। ঠিক তার পরের দিন অর্থাৎ ৩ মে প্রকাশিত হবে মাদ্রাসা আলিম এবং ফাজিলের ফলাফল। সকাল সাড়ে ১০টায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে প্রকাশিত হবে ফলাফল। ওই দিনই বেলা ১২টা থেকে ইন্টারনেটের মাধ্যমে ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*