রমিত সরকার, নদীয়া :
রাতভর বৃষ্টির পর গঙ্গার ভাঙনে নদিয়ার শান্তিপুরের শ্রীরামপুরে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। বুধবার রাতে গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকায় আচমকাই ভাঙন শুরু হয়। স্থানীয়দের দাবি, রাত পৌনে ৮টা থেকে ১০টার মধ্যে প্রায় ৮ থেকে ১৫টি পরিবারের ঘরবাড়ি ও ভিটেমাটি নদীগর্ভে চলে যায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ভাঙন এত দ্রুত শুরু হয় যে বাড়ির জিনিসপত্র সরানোর সুযোগ পাননি তাঁরা। আসবাবপত্র, ধান, বইপত্র ও গুরুত্বপূর্ণ নথি নদীগর্ভে চলে যায় বলে অভিযোগ। ভাঙনের কবলে পড়া একটি বাড়ি থেকে এক অন্তঃসত্ত্বা মহিলাকে উদ্ধার করা হয়েছে বলেও দাবি স্থানীয়দের।
স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর ভাঙন রোধে বালির বস্তা ফেলে সাময়িক ব্যবস্থা করা হলেও স্থায়ী কোনও সমাধান হচ্ছে না। তাঁদের দাবি, তারের খাঁচায় পাথর দিয়ে শক্তপোক্ত বাঁধ তৈরি করে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা করতে হবে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন শান্তিপুরের বিডিও-সহ প্রশাসনের আধিকারিকরা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্তদের জন্য আপাতত ত্রিপল ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থাও করা হচ্ছে। পুনর্বাসনের বিষয়টি এবং ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সেচ দফতরের সঙ্গে আলোচনা করা হবে বলেও প্রশাসনের তরফে জানানো হয়েছে।
এদিকে, অতি গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টি চলছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, স্থলভাগে প্রবেশের পর নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি হারাতে পারে। তবে এর প্রভাবে আরও কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Be the first to comment