‘বিনা যুদ্ধে এক ইঞ্চিও জমি দেব না’, বাঙালিদের উপর হেনস্থা নিয়ে মন্তব্য মমতার

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ভিনরাজ্যে বাঙালিদের উপর হেনস্থা। কেন্দ্র ও বিজেপি-শাসিত রাজ্যগুলির নীরবতার প্রতিবাদে পথে নামল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করে তৃণমূল নেতৃত্ব। মিছিল শেষ হতেই মঞ্চে দাঁড়িয়ে বিজেপি সরকারকে ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘বাংলায় কথা বললেই তাঁকে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্পে রেখে দিচ্ছে। আমি এসব নিয়ে চ্যালেঞ্চ করব। বাংলার জন্য আমি ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করবো। বিনা যুদ্ধে একফোঁটাও জমি দেব না।’
মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি অত্যন্ত লজ্জিত, ব্যথিত, দুঃখিত, মর্মাহত ভারত সরকার এবং বিজেপির এই আচরণে। ভারত সরকার একটি নোটিফিকেশন করেছে। সেটি আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে নোটিফিকেশন করে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে, বাংলায় কথা বলে, তাঁকে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে। কেউ আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলেও এমন করা হচ্ছে। বাঙালিদের ওপর এই অত্যাচার আমি মানব না।’
এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘আমি বিহারে শুনেছি ৩০.৫ লক্ষ ভোট বাদ দিয়ে দিয়েছে। এ সব করে মহারাষ্ট্রে বিজেপি জিতেছে। না হলে জিততে পারত না। দিল্লিতেও এই সব করেই জিতেছে। বিহারেও সেই পরিকল্পনা করছে। তারাও আমাদের ভাই-বোন। বাংলাতেও পরিকল্পনা করছে। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করব। বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও আমরা ছাড়ব না।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*