রোজদিন ডেস্ক, কলকাতা:– আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের জনসভায় উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তব্য শুরু করতেই নমোর নিশানায় রাজ্যের বর্তমান পরিস্থিতি। তাঁর কথায়, ‘দেশের প্রতিটি নাগরিক ভারতকে বিকশিত রাষ্ট্র বানানোর জন্য কাজ করছেন। ভারতকে বিকশিত হতে হলে পশ্চিমবঙ্গকেও বিকশিত হতে হবে।’
গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কোন জায়গায়? তা বোঝাতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গের জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। আপনাদের সকলের অনেক বড় দায়িত্ব আছে। আপনারা সকলে বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করবেন। পশ্চিমবঙ্গ একসঙ্গে একাধিক সংকটে ভুগছেন। বাংলায় হিংসা ও অরাজকতা, মা-বোনেদের সুরক্ষা নেই, বেকারত্ব, দুর্নীতি, গরীবের অধিকার ছিনিয়ে নেওয়াই বর্তমানে চলছে। এটা দায়িত্ব নিয়ে করছে তৃণমূল।’
এদিন রাজ্যে তৃণমূল সরকারকে নির্মম আখ্যা দিয়ে বাংলায় ৫ সংকটের কথা ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তাঁর আশ্বাস, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে বিকশিত ভারতের মতো এ রাজ্যও বিকশিত হবে। সুশাসন ও সমৃদ্ধির গ্যারান্টি দেবে বিজেপি সরকার।
আলিপুরদুয়ারের জনসভা থেকে বহু রকমের সংকট এখন বাংলাকে ঘিরে রেখেছে বললেন নমো। প্রথম সংকট হল—সমাজে হিংসা ও অরাজকতা। দ্বিতীয় সংকট হল—মা বোনেদের নিরাপত্তাহীনতা ও তাঁদের উপর অত্যাচার। তিন নম্বর উদ্বেগজনক। সেটি হল, নতুন প্রজন্মের মধ্যে হতাশা ও কর্মসংস্থার তথা জীবিকার অভাব। চতুর্থ সংকট—বেলাগাম দুর্নীতি। তার ফলে সরকারি ব্যবস্থার উপর থেকে মানুষের বিশ্বাসই উঠে যাচ্ছে। আর পঞ্চম সংকট হল—গরিবের অধিকার ছিনিয়ে নিতে তৃণমূলের স্বার্থপর রাজনীতি”।
এরই পাশাপাশি তিনি আরও বলেন, ‘কেন্দ্রের অনেক বড় বড় প্রকল্প এ রাজ্যে কার্যকর করা হয় না। আয়ুষ্মান ভারত প্রকল্প এখানে চালু হতে দেওয়া হয়নি। এখানকার লোকেরা বাইরে গেলে ওই প্রকল্পের সুবিধা পান না। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় পশ্চিমবঙ্গের বহু মানুষ বাড়ি পেতে পারতেন। কিন্তু এখানে তা হতে দেওয়া হল না। তা করতে দিল না এখানকার নির্মম সরকার।’

Be the first to comment