রোজদিন ডেস্ক : প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলব পেয়ে সিজিও কমপ্লেক্সে তাদের দফতরে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ প্রায় ১১ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রাত দশটা নাগাদ তিনি সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান। বেরিয়ে যাওয়ার আগে বলেন, যতবার আমাকে ডাকা হয়েছে ততবার আমি এসেছি। আগামী দিনেও আসব। যদি না কোনও পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকে। আমি তদন্তে সবরকম ভাবে সহযোগিতা করে যাবো। তিনি মনে করিয়ে দেন, বরাবরই তিনি চেয়েছেন সমস্ত আইনি জট কাটিয়ে যোগ্যরা তাদের চাকরি পাক। এরপর তাকে তলব করা নিয়ে বিজেপিকেও আক্রমণ করেন তিনি। তিনি বলেন, এই মামলায় আমাকে শেষবার ডাকা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। তার আগেও ডাকা হয়েছে। সবমিলিয়ে আমাকে ১০ থেকে ১২ বার জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।আমার সামর্থ্য অনুযায়ী, সাহায্য করেছি। তিনি আরও বলেন, রাজনৈতিক চাপ রয়েছে কি না, তা নিয়ে আমি যাব না। কারণ বিজেপিকে নিয়ে যত কম বলা যায়, তত ভালো। তবে বিরোধীশূন্য করার চেষ্টা গত একমাস ধরে করা হয়েছে। দল ভাঙানোর খেলা চলছে। ভবিষ্যতে আবার তাঁকে ইডি তলব করলে তিনি যাবেন বলেও এদিন জানিয়ে দেন অভিষেক। ইডি সূত্রে খবর, মধ্যাহ্নভোজ ও সন্ধেবেলা খাওয়ার জন্য কিছুটা সময় দেওয়া হয় তাঁকে। বাকি সময়টা ধরে চলে জিজ্ঞাসাবাদ পর্ব। তবে, এদিন জিজ্ঞাসাবাদের পর আপাতত তলব করা হয়নি তাঁকে। এদিন তাঁর বয়ান রেকর্ড করা হয়।

Be the first to comment