নিজস্ব প্রতিনিধি, নদীয়া : লক্ষ্মী পূজার রাতে বেআইনি শব্দবাজি বিক্রির অভিযোগে চাঞ্চল্য ছড়াল নবদ্বীপে। বুধবার গভীর রাতে নবদ্বীপ থানার পুলিশ অভিযান চালিয়ে গোসাই বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে। ঘটনায় এক বাজি বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, উৎসবের মরশুমে নিষিদ্ধ শব্দবাজি বিক্রির বিরুদ্ধে বিগত কয়েকদিন ধরেই প্রচার অভিযান চালাচ্ছিল নবদ্বীপ থানার পুলিশ। তবুও সেই নির্দেশ অমান্য করে লক্ষ্মী পূজোর রাতে শব্দবাজি বিক্রির খবর আসে থানায়। সেই সূত্র ধরে রাতেই হানা দেয় পুলিশ। গোসাই বাজারের একটি দোকান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বেআইনি শব্দবাজি।
ধৃত বিক্রেতার কাছ থেকে বাজি বিক্রির কোনো অনুমতিপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। বাজেয়াপ্ত বাজির সঠিক পরিমাণ এখনও নির্ধারিত না হলেও, প্রাথমিক অনুমান অনুযায়ী তা যথেষ্ট পরিমাণে। অভিযানের খবর পেয়ে আশেপাশের আরও কয়েকজন বিক্রেতা দোকান বন্ধ করে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযুক্তকে গ্রেফতার করে আজ জেলা আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, উৎসবের মরশুমে এ ধরনের বেআইনি বাজি বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Be the first to comment