‘কোন মুখে কাশ্মীরের জন্য পূর্ণরাজ্যের মর্যাদা চাইব’, বিধানসভায় দাঁড়িয়ে বললেন ওমর আবদুল্লা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- পহেলগাঁও হামলাকে হাতিয়ার করে কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা চাইবেন না বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। পহেলগাঁও হামলার নিন্দায় সোমবার বিশেষ অধিবেশন হয় কাশ্মীর বিধানসভায়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে এমনটা বললেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেন, ‘পহেলগাঁও হামলা গোটা দেশকে প্রভাবিত করেছে।’ তাঁর কথায়, তাঁর রাজনীতি এত ‘সস্তা’ নয় যে তিনি এই দুঃখজনক ঘটনাকে কেন্দ্র সরকারের কাছে জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের দাবির পক্ষে চাপ দেওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করবেন। তিনি বলেন, ‘আমরা আগেও রাজ্যের কথা বলেছি এবং ভবিষ্যতেও তাই করব। কিন্তু আমি যদি এখনই এটা চাই, তাহলে আমার লজ্জাবোধ হবে। এই মুহূর্তে, কোনও রাজনীতি নেই, কোনও ব্যবসায়িক নিয়ম নেই, কোনও রাজ্যের মর্যাদা নেই। এই সময়টি কেবল এই হামলার তীব্র নিন্দা করার এবং নিহতদের প্রতি আন্তরিকভাবে সমর্থন জানানোর।’
এই ঘটনায় ক্ষমা চাওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন বলে জানান ওমর। তিনি বলেন, ‘পর্যটকদের নিরাপদে ফিরিয়ে দেওয়া আমার কর্তব্য ছিল। কিন্তু সেটা করতে পারিনি। ক্ষমা চাওয়ার ভাষাও নেই আমার।’
প্রসঙ্গত, ২০১৯ সালে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই অঙ্গরাজ্যের স্বীকৃতি চেয়ে সুর চড়িয়েছে কাশ্মীর। তবে ২০২৪ সালে নির্বাচন হলেও পূর্ণরাজ্যের স্বীকৃতি এখনও মেলেনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*