রোজদিন ডেস্ক : দীর্ঘ বিরতির পর ফের শুরু হতে চলেছে ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা। এক বিশেষ সূত্রের খবর, আগামী মাস থেকেই এই পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এও জানা গেছে, ভারত সরকার এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো’ সহ বিভিন্ন সংস্থাকে যে কোনও সময় সরাসরি চিনে ফ্লাইট চালুর জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, মহামারী করোনার সময় থেকে ভারত-চিনের মধ্যে সরাসরি বিমান চলাচল বন্ধ রয়েছে। এর পর ২০২০ সালের জুনে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষে সম্পর্কের অবনতি চরমে পৌঁছায় দুই দেশের মধ্যে। সেই সংঘাতের পর দুই দেশই সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়ে দেয়। একাধিক দফায় কূটনৈতিক ও সামরিক বৈঠক হলেও কয়েকটি জায়গায় অচলাবস্থা কাটেনি।
প্রসঙ্গত, চলতি মাসের শেষের দিকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলনে যোগ দিতে তিয়ানজিন যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৯ সালের পর এটাই হবে তাঁর প্রথম চিন সফর। বেজিং জানিয়েছে, তারা বিশ্বাস করে এই সম্মেলন হবে “সংহতি, বন্ধুত্ব ও ফলপ্রসূ আলোচনার মঞ্চ”।

Be the first to comment