রোজদিন ডেস্ক: কোভিডের ধাক্কায় কার্যত শুয়ে পড়েছিল গোটা বিশ্বের অর্থনীতি। তাবড় উন্নত দেশগুলিও কার্যত বেহাল দশায় পড়েছিল। ভারতও তার বাইরে ছিল না। কিন্তু এবার ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। আর সেখানেই বাকিদের টেক্কা দিয়েছে মোদির ভারত। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণাতে সেটাই উঠে আসছে। কোভিড-১৯ পরবর্তী মন্দার ধাক্কা যখন এখনও কাটিয়ে উঠতে পারেনি বহু দেশ সেখানে ভারত যেন গোটা বিশ্বের কাছেই এক দৃষ্টান্ত। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-গবেষক জেসন ফুয়ারম্যানের বিশ্লেষণ, মহামারির পর থেকে প্রকৃত জিডিপি বৃদ্ধির দৌড়ে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনকেও পিছনে ফেলে দিয়েছে। ২০১৯ থেকে ২০২৫ সালের থার্ড কোয়ার্টার পর্যন্ত যে গ্রাফ সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে বাকি দেশগুলির জিডিপি যেখানে ক্রমেই নিম্নমুখী সেখানে ভারতের গ্রাফ ঊর্ধ্বমুখী। কোভিডে সব বড় অর্থনীতি মাইনাসে চলে গেলেও ভারত দ্রুত ঘুরে দাঁড়িয়েছে। ২০২০ সালে মাইনাস ৫ শতাংশে থাকা ভারত ২০২২ সাল থেকে পুরোমাত্রায় ঘুরে দাঁড়াতে শুরু করেছে। ২০২৪ সালে তা প্লাস তিন শতাংশে, এবং ২০২৫ সালের থার্ড কোয়ার্টারে প্লাস পাঁচ শতাংশে পৌঁছানোর পূর্বাভাস মিলেছে। মজার কথা, ২০২০ সালে অনেক তাবড় অর্থনীতির দেশের জিডিপি কার্যত মাইনাসেই ছিল। কিন্তু পরবর্তীকালে ঘুরে দাঁড়ানোর দৌড়ে দেখা যাচ্ছে ২০২৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের জিডিপি বৃদ্ধি ২ শতাংশের কাছাকাছি। বিশেষজ্ঞদের মত, ভারতের এই অগ্রগতির পেছনে রয়েছে শক্তিশালী ঘরোয়া চাহিদা, বিনিয়োগ বৃদ্ধি, ডিজিটাল কাঠামোর বিকাশ, তরুণ শ্রমশক্তি, ইলেকট্রনিক্স এবং ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে রফতানি বৃদ্ধি, আইটি শিল্পে স্থিতিশীলতা। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের একাধিক সংস্কারমূলক পদক্ষেপ কোভিড পরবর্তীকালে ভারতীয় অর্থনীতিকে বাড়তি অক্সিজেন জুগিয়েছে।

Be the first to comment