রোজদিন ডেস্ক, কলকাতা:- জঙ্গি এবং তাদের মদতদাতাদের দু’পক্ষের বিরুদ্ধেই দৃঢ় ও নিশ্চিত পদক্ষেপ করবে কেন্দ্রের বিজেপি সরকার। শনিবার দিল্লিতে অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট জোয়াও লৌরেন্সুর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক থেকে ফের এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি পাকিস্তানের নাম উল্লেখ করেননি। কিন্তু রাজনৈতিক মহলের একাংশের মতে, তিনি জঙ্গিদের সমর্থনকারী হিসাবে ঠারেঠোরে পাকিস্তানের কথাই বুঝিয়েছেন।
গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর একাধিক মঞ্চ থেকে তাঁর গলায় এই সুর-ই শোনা গিয়েছে। এদিন দিল্লির হায়দরাবাদ হাউজে অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট লৌরেন্সুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি। এরপর প্রেসিডেন্ট ও তিনি একসঙ্গে সাংবাদিক বৈঠক করেন।
সেখানে মোদি বলেন, “আমি প্রেসিডেন্ট লৌরেন্সু ও তাঁর প্রতিনিধিদের স্বাগত জানাই। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। ৩৮ বছর পর অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট ভারতে এসেছেন। তাঁর এই সফর ভারত-অ্যাঙ্গোলার সম্পর্ককে একটা নতুন উচ্চতায় নিয়ে যাবে। শুধু তাই নয়, ভারতের সঙ্গে সমগ্র আফ্রিকার সম্পর্ককেও শক্তিশালী করবে।”
এরপরই সন্ত্রাসবাদ প্রসঙ্গে তিনি বলেন, “সন্ত্রাসবাদ মানবিকতার সবচেয়ে বড় শত্রু। এই বিষয়ে আমাদের (দুই দেশের) মত একই। প্রেসিডেন্ট লৌরেন্সু এবং সমগ্র অ্যাঙ্গোলার সমস্ত নাগরিক পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন। এর জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই।” জঙ্গি হামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কথায়, “জঙ্গি এবং যারা তাদের সমর্থন করে- দুই তরফের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা অ্যাঙ্গোলার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই। তিনি সীমান্ত-সন্ত্রাসের বিরুদ্ধে সরব হয়েছেন।” এদিকে এদিনই পাকিস্তান ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে।

Be the first to comment