প্রতিবেদন: দেশের বীর সেনাদের বিশেষ সম্মান জানানোর সিদ্ধান্ত ভারতীয় রেলের (Indian Railways)। এই নিয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা করল কেন্দ্র। এবার থেকে সেনা পদকপ্রাপ্তদের আজীবন বিনামূল্যে ট্রেন সফরের সুবিধা দেওয়া হবে। সেবা ও বীরত্বের স্বীকৃতি হিসেবে পুরস্কারপ্রাপ্ত সেনাকর্মী, তাঁদের পরিবার ও শহিদ পরিবারের জন্য এই বিশেষ সুবিধা দেওয়া হবে। এছাড়াও সেনা মেডেল, নৌসেনা মেডেল এবং বায়ুসেনা মেডেল ও গ্যালান্ট্রি প্রাপকরা এবার থেকে ভারতীয় রেলে আজীবন নিখরচায় ভ্রমণের বিশেষ সুবিধা পাবেন। আগামী ১ নভেম্বর থেকে এই পরিষেবা শুরু হবে।
সিদ্ধান্ত অনুযায়ী, যোগ্যরা ভারতীয় রেলের ফার্স্ট ক্লাস, সেকেন্ড এসি এবং এসি চেয়ারকারে আজীবন ট্রেনযাত্রার সুবিধা পাবেন। পদকপ্রাপ্তদের পাশাপাশি নির্দিষ্ট ক্ষেত্রে তাঁদের স্বামী বা স্ত্রী এবং অবিবাহিত অবস্থায় মরণোত্তর পদকপ্রাপ্তদের বাবা-মাও এই সুবিধার আওতায় পড়বেন। এই সুবিধার জন্য চালু করা হয়েছে ডিজিটাল ও পেপারলেস সিস্টেম। যোগ্যরা প্রথমে অনলাইনে ইন্ডিয়ান রেলওয়ে কনসেশন কার্ড পোর্টালে নাম নথিভুক্ত করবেন। তারপরই মিলবে ই-পাস। সেই পাস ব্যবহার করে ফ্রি টিকিট বুক করা যাবে।

Be the first to comment