রোজদিন ডেস্ক : কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের প্রাক্তন প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের। ইউনেস্কোর নাম ব্যবহার করে দুর্গাপুজোর পাশ বিক্রির অভিযোগে দায়ের হওয়া মামলায় তাঁর আগাম জামিন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। শুধু ইন্দ্রনীল সেনই নয়, মাস আরট সংস্থার সম্পাদক ধ্রুবজ্যোতি বোসের আগাম জামিনের আবেদনও বৃহস্পতিবার খারিজ করে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেনের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত। অভিযোগ, ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে চড়া দামে দুর্গাপুজোর পাশ বিক্রি করেছিলে তাদের সংস্থা মাস আর্ট। দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’ এবং ‘প্রিভিলেজড প্রি-পুজো এন্ট্রি’ টিকিট বিক্রি করে কোটি কোটি টাকা তোলা হয়েছে। এই আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন জয়দীপ মুখোপাধ্যায়। তাঁর অভিযোগের ভিত্তিতেই বৌবাজার থানার পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে।। যেহেতু এটি আর্থিক দুর্নীতি তাই তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও।। ইতিমধ্যে প্রাক্তন মন্ত্রীর কসবার বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি৷ সিজিও-তে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে ইন্দ্রনীল সেনকে। আদালত ইন্দ্রনীল ও তাঁর স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও চেয়েছিল। সেই মামলায় আগাম জামিনের আবেদন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন প্রাক্তন মন্ত্রী ও তাঁর স্ত্রী। তবে, চন্দননগর উৎসব সংক্রান্ত মামলায় তিনজনেরই আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত।

Be the first to comment