রমিত সরকার, নদীয়া: আদালত থেকে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক পরিণতি! নদিয়ার ফুলিয়ায় ১২ নম্বর জাতীয় সড়কের ওপর এক ভয়াবহ পথদুর্ঘটনায় ডাম্পারের চাকায় পিষে মৃত্যু হলো দুই স্কুটি আরোহীর।
মৃত দুই আত্মীয়ের নাম সত্যেন বিশ্বাস ও শংকর বিশ্বাস। সত্যেনবাবুর বাড়ি ফুলিয়ার বোয়ালিয়া এবং শংকরবাবু ফুলিয়াপাড়ার বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে রানাঘাট কোর্ট থেকে স্কুটিতে চেপে বাড়ি ফিরছিলেন তাঁরা।

প্রত্যক্ষদর্শীদের মতে, ফুলিয়ার প্রফুল্ল নগর এলাকায় সার্ভিস রোড থেকে একটি প্রতিমা বোঝাই ইঞ্জিনভ্যান হঠাৎ জাতীয় সড়কের ওপর ওঠার সময় স্কুটিটির সঙ্গে ধাক্কা লাগে। এর জেরে রাস্তায় ছিটকে পড়েন দুই আরোহী।

ঠিক সেই মুহূর্তেই পিছন থেকে আসা একটি দ্রুতগামী ডাম্পার তাঁদের পিষে দিয়ে চলে যায়। স্থানীয়দের সহায়তায় পুলিশ দুজনকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
এই আকস্মিক দুর্ঘটনায় গোটা ফুলিয়া জুড়েই নেমে এসেছে গভীর শোকের ছায়া। ঘাতক ডাম্পার ও চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Be the first to comment