অগ্নিগর্ভ নেপাল, রণক্ষেত্র কাঠমান্ডু

Spread the love

রোজদিন ডেস্ক : বিদ্রোহের আগুনে জ্বলছে প্রতিবেশী নেপাল (Nepal)। বিদ্রোহীদের দমনে পুলিশের গুলিতে এই প্রতিবেদন লেখা অবধি ৫ জন প্রাণ হারিয়েছেন বলে খবর। মূলত দেশের তরুণ প্রজন্মের তুমুল ক্ষোভ-বিক্ষোভ আছড়ে পড়েছে রাজধানী কাঠমান্ডুতে। বিদ্রোহীদের মোকাবিলায় সেনা নেমেছে। বিক্ষোভ থামাতে বিশাল পুলিশ বাহিনী লাঠি, জল কামান, গুলি ব্যবহার করেও পরিস্থিতি সামলাতে হিমসিম খাচ্ছে। রাজধানী কাঠমান্ডুর পথে এখন তারুণ্যের জনস্রোত, সংসদ ভবনেও প্রবেশের আপ্রাণ চেষ্টা করছেন তারা। সব মিলিয়ে পরিস্থিতি অগ্নিগর্ভ।
বামপন্থী ওলি সরকারের বিরুদ্ধে নেপালবাসীর ক্ষোভ নতুন না। মাস ছয়েক আগে দেশে রাজতন্ত্র ফেরাতে বিক্ষোভে উত্তাল হয়েছিল হিমালয়ের কোলের এই ছবির মত সুন্দর দেশ। সরকার বিরোধী ক্ষোভের আগুন ধিক ধিক করে জ্বললেও এতে ঘৃতাহুতি দেয় অতি সম্প্রতি একলপ্তে ফেসবুক৷ ইন্সট্রাগ্রাম সহ ২৬টি সমাজ মাধ্যম (social media) বন্ধ করার সরকারি হুকুমনামা। এর বিরুদ্ধে প্রথম থেকে ই প্রতিবাদে মুখর হন নেপালের আমজনতা।
আজ তা তুঙ্গে ওঠে। সকাল থেকে রাজধানী কাঠমান্ডুতে জনতার স্রোত আছড়ে পড়ে। যার সিংহভাগই তরুণ প্রজন্ম।
সংসদ ভবনের কাছে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পুলিশ গুলি চালালে ৬ জন নিহত ও ৮০ জনের বেশি আহত হন। বিক্ষুব্ধ জনতাকে এতেও দমানো যায় নি, সরকার কার্ফু জারী করে পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। উন্মত্ত জনতা মুহুর্মুহু সরকার বিরোধী ধ্বনি দিয়ে সংসদ ভবনের দিকে এগিয়ে যায়। পুলিশ ব্যারিকেড করে, কাদানে গ্যাস, জলকামান ছুড়ে ও তাদের গতি রুদ্ধ করতে পারে নি। পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভ কারীরা গাছের ডাল, জলের বোতল ছোড়েন। অনেকে সংসদ ভবনের চত্বরে প্রবেশও করেন। করদাতাদের টাকা কোথায় গেল? স্বাধীন কন্ঠ আমাদের অধিকার ইত্যাদি ধ্বনিতে মুখরিত হয় কাঠমান্ডুর (kathmandu) রাজপথ।
বহু পড়ুয়াও আজ এই গণ বিক্ষোভে সামিল হন।
প্রধানমন্ত্রী কে পি ওলি এর আগে সাময়িকভাবে বিভিন্ন সমাজমাধ্যম বন্ধ রাখার কথা জানালেও তা মানেন নি নেপালের আমজনতা। তাদের পালটা অভিযোগ, নিজেদের দূর্নীতি, আর্থিক বৈষম্য ইত্যাদি থেকে নজর ঘোরাতেই সরকার এর এই সিদ্ধান্ত। এরই প্রতিবাদে আজ তুমুল জনরোষে উত্তাল হয় কাঠমান্ডু।
প্রতিবেশী দেশের এই পরিস্থিতিতে উদবিগ্ন ভারতও। কেন্দ্রীয় সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*