রোজদিন ডেস্ক, কলকাতা:- পুলিশকে আক্রমণ করতে গিয়ে বাংলার আইনশৃঙ্খলাকে সোনাগাছির যৌনকর্মীর সাথে তুলনা টেনে বিতর্কে জড়িয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।এদিন পুলিশের উদ্দেশ্যে তিনি মন্তব্য করেন, “আপনারা আইনটাকে না সোনাগাছির সেক্স ওয়ার্কারে পরিণত করেছেন।” সুকান্তর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
এই মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া , ‘এটা একজন জনপ্রতিনিধির ভাষা? বঙ্গ বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার যে ভাষা ব্যবহার করেছেন, তা অত্যন্ত ঘৃণ্য এবং নিম্নরুচির। পুলিশকে অপমান করতে গিয়ে উনি যৌনকর্মীদের কাজকে শুধু বিদ্রুপই করলেন না, বিজেপি-র মানসিকতাকেও তুলে ধরলেন। এটা শুধু নারীবিদ্বেষ নয়, রাজনীতির নামে নোংরামি। আমরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে ক্ষমা চান সুকান্ত মজুমদার’।
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “সুকান্ত মজুমদার গত কয়েকদিন ধেরই কুৎসিত কথা বলে চলেছেন। এবার এটা কী করলেন? সোনাগাছির সেক্স ওয়ার্কার বলে চিৎকার করে অপমান করছেন। তাঁদের নিম্নমানের দৃষ্টিতে দেখে রাজনৈতিক তুলনা টেনে, বিকৃত বিবৃতি দিলেন। এই মা-বোনেদের কাছে ক্ষমা চাইতে হবে ওঁকে। সোনাগাছির সেক্স ওয়ার্কার, মানে বোঝেন? কতটা যন্ত্রণা, কতটা কষ্ট, কতটা অশ্রু, কতটা লড়াই থাকে, বোঝেন সুকান্ত মজুমদার? আপনি মধ্যযুগে বাস করেন? এটা বিজেপি-র দৃষ্টিভঙ্গি। এরা মা-বোনেদের কুৎসিত ভাবে…একজন বলেছিল বীরবাহা হাঁসদা জুতার তলায় থাকে। সোনাগাছির মা-বোনেরা একটা পেশায় আছেন। আপনাকে কে অধিকার দিল ওই মা-বোনেদের অপমান করার?”

Be the first to comment