রমিত সরকার, নদীয়া :
নদিয়ার বিশ্ববন্দিত তীর্থক্ষেত্র মায়াপুর ইসকনে শুক্রবার মহাসমারোহ ও ভক্তিময় পরিবেশে পালিত হলো উল্টো রথযাত্রা। রথযাত্রার আটদিন পর মাসির বাড়ি থেকে নিজ গৃহে প্রত্যাবর্তনের এই উৎসব উপলক্ষে সকাল থেকেই দেশ-বিদেশের হাজার হাজার ভক্তের সমাগমে মুখর হয়ে ওঠে মায়াপুর মন্দির চত্বর।

খোল-করতাল, মৃদঙ্গের তালে তালে হরিনাম সংকীর্তন, ভজন ও নৃত্যে অংশ নেন দেশি-বিদেশি ভক্তরা। সুসজ্জিত রথে বিরাজমান ছিলেন শ্রীশ্রী জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা দেবী। ভক্তরা “জয় জগন্নাথ” ধ্বনিতে রথের দড়ি টেনে উল্টো রথযাত্রায় অংশ নেন। মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে ছিল বিশেষ পূজা, আরতি, প্রসাদ বিতরণ এবং ভক্তদের জন্য নানা পরিষেবার ব্যবস্থা। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয় কড়া ব্যবস্থা।

উল্টো রথযাত্রার আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর আজ শ্রীশ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী রাজাপুরে তাঁদের নিজ গৃহে প্রত্যাবর্তন করবেন। সেই উপলক্ষেও রাজাপুর জগন্নাথ মন্দিরে বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হবে বলে জানিয়েছে ইসকন কর্তৃপক্ষ। রথযাত্রার সমাপ্তি পর্বকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

Be the first to comment