রোজদিন ডেস্ক, কলকাতা:- জম্মু ও কাশ্মীরের গান্দেরবাল জেলায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের জওয়ানদের একটি বাস সিন্ধু নদীতে পড়ে যায়। ভারী বৃষ্টির মধ্যে বুধবার সকালে কুল্লান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটি কুল্লান ব্রিজ থেকে নদীতে পড়ে যায়, এখনও পর্যন্ত কোনও জওয়ান বা অন্য কারও হদিস পাওয়া যায়নি।
সূত্রের খবর, বাসটি ITBP জওয়ানদের নিয়ে যাচ্ছিল, তবে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। ভারী বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার সময় বাসটি কুল্লানের কাছে সিন্ধু নদীর ওপরের ব্রিজে ছিল। স্থানীয় প্রশাসনের মতে, বাসের সাথে কিছু অস্ত্রও নদীতে হারিয়ে গেছে, যার মধ্যে তিনটি অস্ত্র ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (SDRF) গান্দেরবাল এবং SDRF সাব কম্পোনেন্ট গুন্ডের একটি যৌথ দল উদ্ধার কাজ শুরু করেছে। পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। তবে ভারী বৃষ্টি এবং নদীর প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজে বাধার সম্মুখীন হচ্ছেন তারা। এখনও কোনও হতাহতের খবর নিশ্চিত করা যায়নি, তবে স্থানীয়রা এবং প্রশাসন আশঙ্কা করছে যে পরিস্থিতি গুরুতর হতে পারে।

Be the first to comment