রোজদিন ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) পড়ুয়ার মৃত্যুতে অবশেষে দায়ের হল খুনের অভিযোগ। সোমবার যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার বাবা। তাঁর অভিযোগ, যে মেয়ে অন্ধকারে ভয় পেত, সে কীকরে রাতে একা ওই পুকুর পাড়ে গেল?বৃহস্পতিবার, গভীর রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের পড়ুয়া অনামিকা মণ্ডলের রহস্যমৃত্যু হয়। ওই দিন রাত ৯টা ৮ মিনিটে মাকে ফোনও করেন অনামিকা। সাড়ে ৯টার মধ্যে তিনি বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাবেন বলেও জানান। ১১টা নাগাদ এক সহপাঠী অনামিকার বাড়িতে ফোন করে জানান, অনামিকা জলে পড়ে গিয়েছে। এক সহপাঠীর কাছে অনামিকা ব্যাগ রেখে শৌচালয়ে গিয়েছিল। তাঁর দেহের ২ কনুইয়ের কাছে ক্ষতচিহ্ন মিলেছে। অভিযোগে এসবই জানিয়েছেন অনামিকার বাবা। মেয়েকে কেউ ঠেলে ফেলে দিয়েছে বলে আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন মৃতার বাবা। এ বার সরাসরি খুনের অভিযোগ দায়ের করলেন তিনি। সোমবার সকালে লালবাজারে যান অনামিকার মা-বাবা। সেখানে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথা বলার পরেই যান যাদবপুর থানায়। তাঁর অভিযোগের ভিত্তিতে খুনের মামলা দায়ের করেছে যাদবপুর থানার পুলিশ।

Be the first to comment