Jubin Garg
রোজদিন ডেস্ক
গত বছর সিঙ্গাপুরে আচমকা চলে গেছেন অসমের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গ (Jubin Garg)। আজ তাঁর জন্মদিন। অকাল প্রয়াত শিল্পীর আদর্শে অনুপ্রাণিত তাঁর অনুরাগীরা নানা সামাজিক , জন কল্যাণমূলক কর্মকান্ডের মাধ্যমে দিনটি পালন করছেন।শুধু গানই না, প্রয়াত জুবিন গর্গ নানা সামাজিক কল্যাণ প্রকল্পেও যুক্ত থাকতেন। তাঁর অকাল মৃত্যুতে অসমের শিল্প, সাংস্কৃতিক মহলে যে শুন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় বলে তাঁর অনুরাগীরা মনে করেন।
তাঁর স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ সমাজ মাধ্যমে প্রয়াত স্বামীর উদ্দেশ্যে জন্মদিনের আবেগঘন শুভকামনা জানিয়েছেন।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রয়াত সঙ্গীত শিল্পীর জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে সমাজ মাধ্যমে লেখেন, “তোমার কন্ঠস্বর, হৃদয়স্পর্শী সৃষ্টি, ব্যক্তিত্ব আর অগণিত মুগ্ধতা, তুমি ই আমাদের জুবিন! ” শিল্পীকে তিনি আপনজন,তাঁদের ভালবাসা বলে জানান। বলেন, জুবিনের প্রতি অসমের অকৃত্রিম ভালবাসা, স্নেহ আর আবেগ তাঁদের প্রতিটি সত্তায়, প্রতিটি প্রজন্মের হৃদয়ে অনুরণিত হবে।
মাত্র বাহান্ন বছর বয়েসে সিঙ্গাপুরে গত বছর সমুদ্রের জলে ডুবে প্রাণ হারান এই প্রতিভাবান সঙ্গীত শিল্পী। প্রায় চল্লিশটি ভাষায় আটত্রিশ হাজারের বেশি গান গেয়েছেন তিনি। গান ছাড়া একাধিক বাদ্য যন্ত্র বাজানোতেও পারদর্শী ছিলেন তিনি।
আজ অসম সহ সারা দেশের সংস্কৃতি মহল শ্রদ্ধার সঙ্গে জুবিন গর্গ কে স্মরণ করছে।

Be the first to comment