জন্মদিনে আসানসোলে জুবিন গর্গের মোমের মূর্তি, উন্মোচন সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামে

Spread the love

সুস্মিত মজুমদার : প্রয়াত সংগীতশিল্পী জুবিন (Jubin) গর্গের ৫৪তম জন্মবার্ষিকীতে তাঁকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানালেন আসানসোলের ভাস্কর সুশান্ত রায়। বুধবার সন্ধ্যায় তাঁর তৈরি জুবিনের মোমের মূর্তি উন্মোচিত হল আসানসোলের ওয়াক্স মিউজিয়ামে। মূর্তির উদ্বোধন করেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য।
গিটার হাতে জুবিনের অবিকল অবয়ব ফুটিয়ে তুলেছেন শিল্পী। পোশাক থেকে শারীরিক গঠন, প্রতিটি খুঁটিনাটিতে রয়েছে বাস্তবের ছাপ। মূর্তিটি দেখতে এদিন মিউজিয়ামে ভিড় জমান বহু মানুষ।


১৯৭২ সালের ১৮ নভেম্বর অসমে জন্মগ্রহণ করেন জুবিন গর্গ। অসমিয়া সংগীতের পাশাপাশি হিন্দি, বাংলা-সহ একাধিক ভাষায় গান গেয়ে তিনি দেশজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন। বলিউডের ‘ইয়া আলি’ গান তাঁকে বিশেষ পরিচিতি এনে দেয়। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে তাঁর অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সংগীতজগতে।
সুশান্ত রায় জানান, জুবিনের মৃত্যুর পর থেকেই তাঁর মোমের মূর্তি তৈরির ইচ্ছে ছিল। ছবি দেখেই তৈরি করেছেন মূর্তিটি। দু’মাসেরও বেশি সময় ধরে কাজ করে মূর্তিটি সম্পূর্ণ করেছেন তিনি। পোশাক ও গিটারও আসল। শিল্পীর কথায়, জুবিনের স্মৃতিকে ধরে রাখতেই এই উদ্যোগ।
এর আগে নরেন্দ্র মোদি, জ্যোতি বসু, মমতা বন্দ্যোপাধ্যায়, মারাদোনা, সৌরভ গঙ্গোপাধ্যায়, লিওনেল মেসি, অমিতাভ বচ্চন, লতা মঙ্গেশকর-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বের মূর্তি তৈরি করেছেন সুশান্ত রায়। এবার তাঁর ওয়াক্স মিউজিয়ামের সংগ্রহে যুক্ত হল জুবিন গর্গের মূর্তিও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*