রোজদিন ডেস্ক :
কালিম্পং এর তরুণ ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্রীমান মুখার্জির (৪৩) গলিত দেহ আজ তিস্তা নদী থেকে উদ্ধার করা হয়।
গত সাতদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। পুলিশ, প্রশাসন তন্ন তন্ন করে তাঁকে খুঁজেছে। আজ বিপর্যয় মোকাবিলা বাহিনী তিস্তা থেকে তাঁর গলিত দেহ উদ্ধার করলে এলাকায় শোকের ছায়া নামে।
আদতে বহরমপুরের বাসিন্দা শ্রীমান মুখার্জি কর্মসূত্রে কালিম্পং-এ থাকতেন। ২০১৫ সালে তিনি ডব্লিউবিসিএসে পনেরোতম স্থান অধিকার করেছিলেন। অত্যন্ত মেধাবী, কর্মদক্ষ এই আধিকারিকের আচরণে গত কয়েকবছর বেশ কিছু পরিবর্তন আসে বলে সহকর্মীদের সূত্রে প্রকাশ। প্রায়ই তিনি মেজাজ হারাতেন, তাঁর মানসিক সুস্থতার অভাব ছিল বলে অনেকে মনে করেন।
গত সপ্তাহে তাঁকে বারবার ফোনে পাওয়ার চেষ্টা করেও না মেলায় উদ্বিগ্ন সহকর্মীরা তাঁর সরকারি আবাসনে খোঁজ নিয়ে জানতে পারেন, তিনি মোবাইল বাড়িতে রেখে নিখোঁজ হয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁর স্ত্রী, দুই নাবালিকা কন্যাকে খবর দেওয়া হয়। রুজু হয় মামলা। চলে জোরদার তল্লাশি। আজ তাঁর গলিত দেহ উদ্ধার হলে মর্মাহত সহকর্মী-সহ সব মহলই।
এই মর্মান্তিক ঘটনায় রাজ্য সরকারি আধিকারিক মহলে তীব্র ক্ষোভ, চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তাঁদের একাংশ পূর্ণাঙ্গ তফন্তের দাবি করেন, কর্তৃপক্ষ তাঁকে খুঁজতে যথাযথ উদ্যোগ নিয়েছিলেন কিনা সেই প্রশ্নও তোলেন। অনেকে সরকারি আধিকারিকদের অত্যন্ত কাজের চাপের কথাও বলেন। তাঁদের সুষম কাজের বন্টনের দাবি করেন।

Be the first to comment