রোজদিন ডেস্ক :
সরকারি কোন নির্দেশ নেই। তবু তৃণমূল পরিচালিত রামপুরহাট পুরসভা ছট পুজোর জন্য দুদিন (রবিবার ও সোমবার) মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশিকা জারি করায় এলাকার মানুষ বিস্মিত।
এই নিয়ে বিরোধীদের কটাক্ষ, বিজেপির কাছে নিজেদের ভাল সাজাতে এই নির্দেশ!
শুক্রবার রামপুরহাট পুরসভার চেয়ারম্যান স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি জারি করা হয়। এর পাশে আরও বলা হয়, অন্য দিনেও মাংসের দোকান খোলা রাখার সময় কাটা পশুদের দেহ লাল শালুতে ঢেকে রাখতে হবে।
রবিবার ছুটির দিন হওয়ায় স্বাভাবিকভাবেই মাংসের দোকানে বিক্রি ভাল হয়। পুরসভার নির্দেশে দোকানদাররা ক্ষুব্ধ হলেও তা নিয়ে প্রকাশ্যে কিছু বলতে পারছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকের মতে, রবিবার পুরো বন্ধের নির্দেশ না দিয়ে পর্দা / শাটার টেনে মাংস বিক্রি র কথা বলা যেত। এখন পুরসভার নির্দেশ মানতে তাঁরা বাধ্য।
কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ বলেন, তৃণমূল এর চেয়ারম্যান বিজেপির কাছে নিজের নম্বর বাড়াতে এই প্রথম এমন নির্দেশ দিলেন! সব উৎসবে এখানে সবাই মিলে মিশে আনন্দ করেন।
এই সব বিভাজনের রাজনীতি আগে ছিল না বলে বিরোধীরা মনে করেন।
চেয়ারম্যান সৌমেন ভকতের বক্তব্য, সকলের ভাবাবেগকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত। প্রকাশ্যে ওই সব দোকানে মাংস কাটা হয়।
বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বিরোধীদের ঠুকে বলেন, ওঁদের যদি এই সব গুরুত্বহীন কাজ মনে হয়, তবে আদালতে যান। ওখানকার দরজা তো সবার জন্যই খোলা!

Be the first to comment