রোজদিন ডেস্ক, কলকাতা:- অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূলের দলনেতা হতেই চিফ হুইপের পদ ছাড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মমতা অভিষেককে লোকসভায় দলের দলনেতা হিসেবে নেত্রী ঘোষণা করার পরই লোকসভায় এতদিন দলের চিফ হুইপের দায়িত্ব সামলানো কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর পদ থেকে ইস্তফা দেন।
লোকসভায় দলের মুখ্য সচেতকের পদ ছাড়তেই যখন কল্যাণকে নিয়ে আলোচনা চলছে রাজ্য-রাজনীতিতে, তখনই সেই চর্চায় ঘি ঢেলেছে শ্রীরামপুরের সাংসদের এক্স হ্যান্ডেল পোস্ট। যেখানে সরাসরি মহুয়া মৈত্রের নাম না নিয়ে কৃষ্ণনগরের সাংসদের উদ্দেশে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন তিনি।
কল্যাণ তাঁর দীর্ঘ পোস্টে আরও লেখেন, “যাঁরা গালাগাল দিয়ে বক্তব্য প্রকাশ করেন, তাঁদের উচিত নিজেদের রাজনীতির ধরন নিয়ে আত্মসমালোচনা করা। কারণ কোনও জনপ্রতিনিধি ব্যক্তিগত কটাক্ষ ও অশালীন ইঙ্গিতের আশ্রয় নিলে, তা শক্তির প্রকাশ নয়, তা নিরাপত্তার অভাব।”
কল্যাণ আরও লেখেন, “এটি সরাসরি অপমান। যদি এমন কথা একজন নারীর উদ্দেশে বলা হতো, তাহলে দেশজুড়ে প্রতিবাদ হত। কিন্তু পুরুষকে এসব বলে বাহবা পাওয়া যায়। এটা দ্বিচারিতা। মহুয়া মৈত্র যদি মনে করেন, এসব করে ব্যর্থতা ঢেকে রাখা যাবে বা নজর ঘুরিয়ে দেওয়া যাবে, তা হলে তিনি ভুল করছেন। যাঁরা যুক্তি বা তথ্যের বদলে অপমান বেছে নেন, তাঁরা গণতন্ত্রের রক্ষক নন, তা দেশের মানুষ খুব ভালভাবেই বুঝতে পারেন।”
জানা গিয়েছে, কল্যাণের পদে এখনই কাউকে না বসালেও আপাতত সমন্বয়ের দায়িত্ব কাকলী ঘোষ দস্তিদারকে দেওয়া হল।

Be the first to comment