রোজদিন ডেস্ক :
পালাবদলের রাজ্যে এবার চালু হচ্ছে কেন্দ্রের “বেটি পড়াও, বেটি বাঁচাও ” প্রকল্প। আজ কন্যারত্ন দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানান। প্রাক্তন সরকারের আমলে চালু হওয়া জনপ্রিয় কন্যাশ্রী প্রকল্প এখন থেকে কন্যারত্ন হোল। আগামী শিক্ষাবর্ষে থেকে স্কুলছাত্রীদের এই খাতে দেয় অর্থ বাড়িয়ে এক হাজার টাকার বদলে দু হাজার টাকা হবে বলে তিনি জানান। বলেন, মেয়েরা হোল রত্ন। তারা আরও ভাল ভাবে পড়াশোনা করে মাতঙ্গিনী হাজরার মত ব্যক্তিত্ব হোক।
এর জন্য সরকার সব রকম সুযোগ সুবিধা দেবে। আজ থেকেই স্কুলছাত্রীদের জন্য বরাদ্দ ৪০০ কোটি টাকা তাঁরা দিলেন। এইদিন থেকেই ছাত্রীরা তা পাবে বলে মুখ্যমন্ত্রী জানান। তিনি বলেন, ২০ লক্ষ ১৩ হাজার ছাত্রী এই সুবিধা পাবে। স্কুল ছাত্রীদের জন্য ১৮১ হেল্পলাইন চালুরও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
আজ ধনধান্যে সভাঘরে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় উপস্থিত সকলেই খুশি। স্কুল স্তর থেকে উচ্চ শিক্ষা, ছাত্রীদের এহিয়ে যাওয়ার পথে অর্থ কোন বাধা হবে না বলেও জানান মুখ্যমন্ত্রী। বলেন, ৬০%, এর বেশি নম্বর পেলে মিলবে বিবেকানন্দ বৃত্তি। উচ্চশিক্ষায় অবিবাহিত কন্যারা পাবে ৫০ হাজার টাকা। রাজ্য সরকার নারী ক্ষমতায়নে অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি। বিদ্যাসাগরের ভাবনায় নারী শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা ও দেন।
কেন্দ্রর বেটি পড়াও, বেটি বাঁচাও প্রকল্প অন্য রাজ্যে থাকলেও এখানে ছিল না, তা চালুর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এর ফলে রাজ্যের ছাত্রীরাও ওই প্রকল্পের সব রকম সুবিধা পাবে। মাঝপথে কোন ছাত্রীর পড়া যাতে বন্ধ না হয়, সরকার সেদিকে নজর রাখবে।
শুধু মৌখিক ভাবে নয়, কন্যা রা যে সমাজ, রাজ্যের রত্ন তা সার্থক করার লক্ষ্যে সরকার যে সবরকম ভাবে সহায়তা করবে, দৃঢ়ভাবে তার বার্তা দেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে অগ্নিমিত্রা পাল, মালতী রাভা রায় সহ মন্ত্রী, আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Be the first to comment